স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব শেষ হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ হচ্ছে আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব। আজ বৃহস্পতিবার বিকেল চারটা থেকে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে থাকবে উৎসবে জমা পড়া নির্বাচিত সেরা ১৫টি চলচ্চিত্রের প্রদর্শনী। প্রদর্শনী শেষে সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে ‘জহির রায়হান বেস্ট শর্ট’ এবং ‘তারেক মাসুদ বেস্ট এমার্জিং ডিরেক্টর’ পুরস্কারের স্মারক ও অর্থ। পুরস্কার দুটির মূল্যমান যথাক্রমে ৩০০ ও ২০০ মার্কিন ডলার।

গত মঙ্গল ও গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে উৎসবের তৃতীয় পর্ব অনুষ্ঠিত হয়। বেলা ১১টা, আড়াইটা এবং বিকেল ৫টায় ছিল প্রায় ৯০টি চলচ্চিত্র প্রদর্শনী। গত ১২ আগস্ট উৎসবের প্রথম পর্বে প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ স্মরণে আয়োজন করা হয় বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর। এ ছাড়া গত ২২ ও ২৩ আগস্ট উৎসবের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয় আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে।

উৎসবে ৯৬টি দেশ থেকে জমা পড়েছিল প্রায় ১ হাজার ৭০২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। বাংলাদেশের ২৬টি বিশ্ববিদ্যালয়ের তরুণ নির্মাতারাও উৎসবে ছবি জমা দেন। বিচারকেরা ২০০টি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচন করেন। উৎসবটির আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। সহযোগিতা করেছে প্রথম আলো।