স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে জীবনের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বোচ্চ ১৫ কি ২০ মিনিটের চলচ্চিত্র। পরিচালকেরাও বয়সে নবীন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা মাত্র শেষ করেছেন পড়ালেখা। তাঁরাই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে জীবনের বড় বড় গল্প তুলে ধরলেন। এই যেমন সাইয়েদুল আবরার আয়লান কুর্দি ফ্রম হ্যাভেন ছবিতে দেখালেন মধ্যপ্রাচ্যের উদ্বাস্তু সংকট।

এমন দেশি-বিদেশি শ দুয়েক চলচ্চিত্র নিয়ে হাজির হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। সংগঠনটি ‘আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে’র মাধ্যমে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বানানো ছবি দেখাচ্ছে। গতকাল ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে ছিল দ্বিতীয় ধাপের প্রথম দিনের প্রদর্শনী। সহযোগিতা করছে প্রথম আলো।

মিলনায়তনের বাইরে কথা হয় আয়োজকদের সঙ্গে। সংসদের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন বলেন, উৎসবে তিনটি ধাপে চলচ্চিত্র দেখানো হচ্ছে। প্রথম ধাপে দেখানো হয়েছিল ১১ ও ১২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে। সে সময় বাংলাদেশের ৩৭টি ছবিসহ দেশি-বিদেশি ৬৫টি ছবি দেখানো হয়। দ্বিতীয় ধাপের প্রদর্শনী এখন চলছে আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে। আজ এর শেষ দিন। বেলা আড়াইটা থেকে সাড়ে চারটা এবং বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দেখা যাবে চলচ্চিত্রগুলো। উৎসবের তৃতীয় ধাপের প্রদর্শনী হবে ১১, ১২ ও ১৩ সেপ্টেম্বর টিএসসি মিলনায়তনে। সেখানে শেষ দিন থাকবে সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার প্রদান।

আন্তর্জাতিক এই উৎসবে আর্জেন্টিনা, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মেক্সিকো, ফ্রান্স, ভারত, ইরানসহ মোট ৯৬টি দেশ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় ১ হাজার ৭০০ সিনেমা পাঠিয়েছেন। সেখান থেকে বিচারকেরা বাছাই করে ২০০ ছবি প্রদর্শনীর জন্য নির্বাচিত করেছেন। ছবি নির্বাচনের ভারটি ছিল পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান জুনায়েদ আহমদ, চলচ্চিত্র গবেষক মঈনুদ্দীন খালেদ, বাংলাদেশ শর্টফিল্ম ফোরামের সভাপতি জাকির হোসেন ও ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সাবেক সভাপতি রাশেদুল হাফিজের ওপর।

প্রদর্শনী ছাড়াও থাকছে ‘ট্যালেন্ট ক্যাম্পাস’ নামে চলচ্চিত্র নিয়ে কর্মশালা। ‘স্কোপ অ্যান্ড ব্যারিয়ার অব ফিল্মমেকিং ইন বাংলাদেশ’ নামে একটি সেমিনারও হবে। দেওয়া হবে ‘জহির রায়হান বেস্ট শর্ট’ পুরস্কার। পুরস্কারপ্রাপ্ত ছবির পরিচালক পাবেন ৩০০ ডলার। এ বছর নতুন আরেকটি পুরস্কার দেওয়া হবে। ‘তারেক মাসুদ বেস্ট ইমার্জিং ডিরেক্টর’ নামের পুরস্কারটি শুধু বাংলাদেশি পরিচালকদের জন্য।

দেশি-বিদেশি ছবির এত বড় আয়োজন কেমন করে সম্ভব হলো? আয়োজকদের একজন মাহমুদুল হাসান বললেন, অবশ্যই চ্যালেঞ্জিং। তবে নবমবারের মতো আয়োজন তো। খুব একটা কষ্ট হয়নি। বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগটা হয়েছে অনলাইনে। তা ছাড়া আন্তর্জাতিক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর চিঠিও পাঠিয়েছেন তাঁরা।

নির্মাতারা দুটি বিভাগে চলচ্চিত্র জমা দিতে পারেন—প্রতিযোগিতা ও প্যানোরমা বিভাগ। দিতে পারবেন প্রামাণ্যচিত্র, অ্যানিমেশন, ফিকশন, নন-ফিকশন বিভিন্ন ধারার ছবি।