স্বল্পব্যয়ের সেবায় সন্তুষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেরাদিয়ার নগর স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দিচ্ছেন একজন কাউন্সেলর l ছবি: প্রথম আলো
মেরাদিয়ার নগর স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য বিষয়ে পরামর্শ দিচ্ছেন একজন কাউন্সেলর l ছবি: প্রথম আলো

মেরাদিয়া স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী সূচনা আক্তার নগর স্বাস্থ্যকেন্দ্রে এসেছে টিটেনাসের টিকা নেওয়ার পরবর্তী তারিখ জানতে। সে এর আগে এখানে এসে টিকা নিয়ে গেছে। নগর স্বাস্থ্যকেন্দ্র থেকে একজন পরামর্শক বাড়িতে গিয়ে স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য পরামর্শ দেওয়ার পর থেকে সে নিয়মিত এই সেবাকেন্দ্রে আসে।
গতকাল রোববার মেরাদিয়ার মধ্যপাড়ায় অবস্থিত নগর স্বাস্থ্যকেন্দ্র-৩-এ গিয়ে সূচনার সঙ্গে কথা বলে জানা যায় এ কথা।
গতকাল ওই স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখা যায়, শিশুদের টিকা দেওয়ার জন্য অপেক্ষা করছেন বেশ কয়েকজন নারী। এ ছাড়া স্বাস্থ্যসেবা নিতে এসেছেন দুজন অন্তঃসত্ত্বা নারী। অন্যান্য স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য অপেক্ষা করছেন আরও কয়েকজন। সেখানে কথা হয় ১০-১২ জনের সঙ্গে। তাঁদের প্রায় সবাই স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসাসেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
‘সেবার আলো সবার কাছে’ স্লোগান নিয়ে শহরাঞ্চলে বসবাসকারী জনগণ বিশেষ করে নারী ও শিশুসহ দরিদ্র জনগোষ্ঠীকে সিটি করপোরেশনের সহযোগিতায় নগর স্বাস্থ্যকেন্দ্রগুলোতে প্রাথমিক সেবা দেওয়া হয়। আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্টের আওতায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক নগর স্বাস্থ্যকেন্দ্র পরিচালিত হয়।
এ কেন্দ্রে সেবা নিতে ১০ টাকা দিয়ে নিবন্ধন করাতে হয়। এরপর ৪৫ টাকা দিয়ে সাধারণ কার্ড দেওয়া হয়। এর বাইরে লাল কার্ডধারীদের বিনা মূল্যে সেবা দেওয়া হয়। মাঠপর্যায়ে জরিপের মাধ্যমে পরিবারের আর্থিক সংগতি বিবেচনা করে লাল কার্ডধারী নির্ধারণ করা হয়।
এসব স্বাস্থ্যকেন্দ্রে কিশোর-কিশোরীদের পরামর্শ, গর্ভবতী নারীদের সেবা, পরিবার পরিকল্পনা সেবাসহ যেকোনো বয়সীদের সব ধরনের প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এ ছাড়া নারী নির্যাতন প্রতিরোধে পরামর্শ সেবাও দেওয়া হয়।
চারতলা ভবনের নিচতলায় মেরাদিয়ার নগর স্বাস্থ্যকেন্দ্র-৩-এর কার্যক্রম পরিচালিত হয়। এই কেন্দ্রে মোট ১৬ জন কর্মী কাজ করেন। কেন্দ্রে চিকিৎসক আছেন একজন, প্যারামেডিক তিনজন। গতকাল তিনজন প্যারামেডিকের মধ্যে কেন্দ্রে উপস্থিত ছিলেন একজন।
নগর স্বাস্থ্যকেন্দ্র-৩-এ গতকাল বেলা ২টা পর্যন্ত ১০৭ জন চিকিৎসাসেবা নিয়েছেন। যাঁদের বেশির ভাগই শিশু ও গর্ভবতী নারী।
এখানে প্রতি রবি ও বুধবার সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) চলে। এ দুই দিন বেশি মানুষ সেবা নিতে আসেন।
স্বাস্থ্যসেবা নিতে আসা মানুষকে প্রাথমিকভাবে পরামর্শ দেন কাউন্সেলর ফিরোজা বেগম। তিনি বলেন, নারীদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যা, পুষ্টি ও প্রজননস্বাস্থ্য বিষয়ে প্রাথমিক পরামর্শ দেন তিনি। এ ছাড়া চিকিৎসকের ব্যবস্থাপত্র রোগীদের ভালোভাবে বুঝিয়ে দেন।
স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক আয়েশা খাতুন বলেন, সব ধরনের চিকিৎসাসেবা নিতে লোকজন এখানে আসেন। তবে এখানে প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হয়। সন্তান প্রসবের জন্য গর্ভবতী নারীদের তিলপাপাড়ার জোড় পুকুর মাঠসংলগ্ন নগর স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। সেখানে একজন করে গাইনি ও শিশুরোগ বিশেষজ্ঞ বসেন। তাঁরা স্বাভাবিক প্রসবের জন্য সব ধরনের সহযোগিতা দেন। অস্ত্রোপচার দরকার হলেও তাঁরা সহযোগিতা করেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংরক্ষিত ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফাতেমা আক্তার বলেন, তিন নম্বর ওয়ার্ডের জনসংখ্যা প্রায় তিন লাখ। এ এলাকায় লাল কার্ডধারীদের সংখ্যা বেশি। কারণ এখানে নিম্ন আয়ের মানুষও বেশি।
সরেজমিনে দেখা যায়, নগর স্বাস্থ্যকেন্দ্রে জায়গার স্বল্পতা আছে। এ বিষয়ে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পের ব্যবস্থাপক সাজেদুল হক বলেন, আরবান হেলথ কেয়ার প্রকল্পের আওতায় প্রতিটি ওয়ার্ডে নিজস্ব জায়গায় এই সেবাকেন্দ্রগুলো পরিচালিত হওয়ার কথা। কিন্তু জায়গার অভাবে এই কেন্দ্র ভাড়া করা জায়গায় পরিচালিত হচ্ছে। প্রকল্পের বর্ধিত মেয়াদে নিজস্ব ভবনে কাজ শুরু করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।