স্বল্পোন্নত দেশকে সহায়তা দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেকসই উন্নয়নের লক্ষ্যে স্বল্পোন্নত দেশগুলোকে অর্থ, জ্ঞান ও প্রযুক্তি সহায়তা দিতে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর রূপসী বাংলা হোটেলে পপুলেশন ডাইনামিকস-বিষয়ক দুই দিনব্যাপী গ্লোবাল লিডারশিপ মিটিং উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে টেকসই উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নে ২০১৫ সাল-পরবর্তী উন্নয়ন এজেন্ডা বৈশ্বিক আলোচনায় অন্তর্ভুক্ত করতে তিন দফা সুপারিশ তুলে ধরেন।জাতিসংঘ জনসংখ্যা তহবিল ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় বাংলাদেশ ও সুইজারল্যান্ড সরকার যৌথভাবে দুই দিনের এই বৈঠকের আয়োজন করে।উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, জাতিসংঘ জনসংখ্যা তহবিলের নির্বাহী পরিচালক বাবাতুন্দে অসোতিমেহিন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক উইলিয়াম লেসি সুইং, সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের মহাপরিচালক মার্টিন দাহিনদেন ও সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস, বাংলাদেশের জাতীয় সমন্বয়কারী প্রফেসর কাজী খলীকুজ্জমান বক্তব্য দেন।প্রধানমন্ত্রী তাঁর প্রথম সুপারিশে বৈশ্বিক প্রেক্ষাপটে লাখ লাখ যুবক এবং প্রশিক্ষিত ব্যক্তিকে সম্পদ হিসেবে বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে ক্রমবর্ধমান যুবশ্রেণীর কর্মসংস্থানের ব্যবস্থা করা একটি বিরাট চ্যালেঞ্জ। বিশ্বকে এসব যুব-যুব মহিলাদের বিশ্ব অর্থনীতির জন্য সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।দ্বিতীয় সুপারিশে প্রধানমন্ত্রী মানুষের এক দেশ থেকে অন্য দেশে বিচরণকে পারস্পরিক কল্যাণকর হিসেবে বিবেচনার ওপর গুরুত্বারোপ করে বলেন, একে উৎপাদনশীল প্রচেষ্টা হিসেবে দেখতে হবে। এটা নিশ্চিত করতে হলে একজন অভিবাসীকে উন্নয়ন এজেন্ট হিসেবে বিবেচনা করতে হবে।প্রধানমন্ত্রী তাঁর তৃতীয় সুপারিশে ২০১৫ সাল-পরবর্তী উন্নয়ন এজেন্ডায় অংশীদারত্ব এবং সহযোগিতাকে মূল চাবিকাঠি হিসেবে বিবেচনার আহ্বান জানান।এসডিএফের প্রশংসা প্রধানমন্ত্রীর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত বছরগুলোতে বিশেষ করে নারীসহ গ্রামের দরিদ্র মানুষের উন্নয়নে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) ভূমিকার প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ২০০০ সালে তাঁর পূর্ববর্তী সরকারের আমলে নারীসহ গ্রামীণ অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশন বিগত ১২ বছরে এর লক্ষ্য অর্জনে অনেক অগ্রগতি সাধন করেছে। তিনি গতকাল ওসমানী স্মৃতি মিলনায়তনে এসডিএফের ১২ বছর পূর্তি অনুষ্ঠানে এ কথা বলেন। পরে প্রধানমন্ত্রী এসডিএফের সহায়তায় স্বনির্ভরশীলতা অর্জনে সাফল্যের জন্য তিনটি নারী ও তিনটি গ্রাম সমিতিকে প্রশংসাপত্র প্রদান করেন।