স্বল্পোন্নত দেশগুলো ছাড় পেল আট বছরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) আওতায় মেধাস্বত্ব আইন বাস্তবায়নে বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলো আরও আট বছরের ছাড় পেল। এর ফলে বাণিজ্যসংক্রান্ত মেধাস্বত্ব (ট্রিপস) চুক্তি বাস্তবায়নে যেসব শর্ত প্রতিপালন করার কথা রয়েছে, তার প্রস্তুতিতে পর্যাপ্ত সময় পাবে এই দেশগুলো। নতুন ছাড়ের কারণে ২০২১ সালের ১ জুলাই থেকে উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মতো স্বল্পোন্নত দেশগুলোকেও মেধাস্বত্ব কঠোরভাবে পরিপালন করতে হবে। জেনেভায় ডব্লিউটিওর ট্রিপস কাউন্সিল গতকাল মঙ্গলবার স্বল্পোন্নত দেশগুলোর জন্য এ সিদ্ধান্ত নিয়েছে। জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. আবদুল হান্নান গতকাল প্রথম আলোকে ডব্লিউটিওর ট্রিপস কাউন্সিলের এ সিদ্ধান্তের কথা জানান। ট্রিপস চুক্তি বাস্তবায়নে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত স্বল্পোন্নত দেশগুলোর জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু সম্পদের অপ্রতুলতাসহ নানা কারণে র্শত পরিপালনে সক্ষমতা অর্জন না হওয়ায় সময়সীমা বাড়াতে কাউন্সিলের কাছে স্বল্পোন্নত দেশগুলো আবেদন জানায়। এর পরিপ্রেক্ষিতে গত জানুয়ারি থেকে ১৯ সদস্যবিশিষ্ট কাউন্সিল এ নিয়ে আলোচনা শুরু করে। প্রায় ছয় মাসের আলোচনার পর গতকাল স্বল্পোন্নত দেশগুলোর জন্য তৃতীয় মেয়াদে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ১৯৯৪ সালে ট্রিপস সইয়ের পর চুক্তিটি বাস্তবায়নের এ নিয়ে তিন দফায় সময় পেল স্বল্পোন্নত দেশগুলো।