স্বল্পোন্নত দেশে ট্রিপস কার্যকর না করার দাবি বিপিএসের
মেধাস্বত্ব আইন (ট্রিপস) প্রয়োগে স্বল্পোন্নত দেশগুলোকে স্থায়ী ছাড় দেওয়ার দাবি জানিয়েছেন দেশের শীর্ষ ওষুধ প্রযুক্তিবিদেরা। এ দাবি জানিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মহাপরিচালক প্যাসক্যাল ল্যামিকে স্মারকলিপি দিয়েছে ওষুধ প্রযুক্তিবিদদের প্রতিনিধিত্বকারী সংগঠন বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সোসাইটি (বিপিএস)।চিঠিতে বিপিএস বলেছে, ট্রিপস চুক্তি কার্যকর হলে বাংলাদেশে ওষুধের দাম দুই থেকে ১০ গুণ পর্যন্ত বাড়বে এবং এতে করে জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভেঙে পড়বে।বিপিএসের সভাপতি আ ব ম ফারুক ও সাধারণ সম্পাদক সেলিম আজাদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল গত শনিবার রাতে ডব্লিউটিওর মহাপরিচালক প্যাসক্যাল ল্যামির সঙ্গে সাক্ষাৎ করে। তাঁরা বলেন, ওষুধ উৎপাদন খাতে দেশের উল্লেখযোগ্য অগ্রগতির কারণে দেশের সর্বস্তরের মানুষ প্রাথমিক চিকিৎসার সুযোগ পাচ্ছে। মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার হ্রাস, পোলিও টিকাদান এবং যক্ষ্মা নির্মূলে বাংলাদেশের অর্জন বিশ্বে শীর্ষ পর্যায়ে রয়েছে। অসংক্রামক কিছু রোগের প্রাথমিক চিকিৎসা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এই অবস্থায় ওষুধ যদি সহজলভ্য করা না যায়, তাহলে এসব অর্জন ব্যর্থ হবে এবং দেশের জনস্বাস্থ্যব্যবস্থা মুখ থুবড়ে পড়বে।দেশে ওষুধের পেটেন্ট কার্যকর না হওয়ায় ২০১৫ সাল পর্যন্ত জনগণ কম দামে ওষুধ পাবে। বিপিএসের নেতারা প্যাসক্যাল ল্যামিকে বলেছেন, ট্রিপস চুক্তি কার্যকর হলে ২০১৬ সাল থেকে জীবনরক্ষাকারী ওষুধের দাম দুই থেকে ১০ গুণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে করে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ওষুধ কিনতে পারবে না, দরিদ্র মা ও শিশুরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে এবং কোটি কোটি অসহায় মানুষ বিনা চিকিৎসায় প্রাণ হারাবে।বিপিএসের সংশ্লিষ্ট ব্যক্তিরা বাংলাদেশসহ স্বল্পোন্নত অন্য দেশগুলোকে এ চুক্তির আওতামুক্ত রাখার অনুরোধ জানান। অন্যথায় কমপক্ষে ২০৩০ সাল পর্যন্ত বাংলাদেশকে ট্রিপসের আওতামুক্ত রাখার উদ্যোগ নিতে ডব্লিউটিওর মহাপরিচালকের কাছে জোর দাবি জানান তাঁরা।