স্বশিক্ষিত ও মেধাবী দরিদ্র উদ্ভাবকদের উদ্বুদ্ধ করতে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানালেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গতকাল মঙ্গলবার সকালে ডেফোডিল-জনবিজ্ঞান উদ্ভাবন মেলা ২০১৪ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান৷
তথ্যমন্ত্রী বলেন, রাষ্ট্র ও সমাজ স্বশিক্ষিত উদ্ভাবকদেরকে সম্মানিত করলে তাঁরা দেশের জন্য উদ্ভাবনী কাজ করতে অনুপ্রাণিত হবেন। প্রকৃতি ও জীবন থেকে শিক্ষা নেওয়া এই বিজ্ঞানীদের সংবাদ গণমাধ্যমে বেশি করে প্রচার করা প্রয়োজন৷ এতে করে তারা সমাজে প্রতিষ্ঠা পাবেন৷
ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান বলেন, রাজনীতির সংবাদের পাশে গুরুত্ব দিয়ে তরুণ বিজ্ঞানীদের সংবাদ প্রচার করলে দেশে বেকার লোকের সংখ্যা কমবে। তিনি আরও বলেন, ‘আমাদের দেশের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন করে বাস্তব জীবনের শিক্ষা প্রয়োজন।’