সুন্দরবনে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে গত বুধবার সকালে জুলফিকার বাহিনীর প্রধান জুলফিকারসহ চার জলদস্যু নিহত হওয়ার খবরে দক্ষিণাঞ্চলের প্রায় দুই লাখ জেলের মধ্যে স্বস্তি এলেও আতঙ্ক কাটেনি। কারণ এ অঞ্চলের সবচেয়ে বড় জলদস্যু রাজু ও তার বাহিনীর পাশাপাশি আরও বেশ কয়েকটি জলদস্যু বাহিনী সক্রিয় রয়েছে।তা ছাড়া প্রধানেরা নিহত হলেও জুলফিকার ও কৃষ্ণসাগর বাহিনীর অস্ত্রশস্ত্র এখনো তাদের সদস্যদের হাতে রয়েছে। এরা যেকোনো মুহূর্তে পুনরায় সংগঠিত হয়ে প্রতিশোধপরায়ণ হতে পারে এমন আশঙ্কাও করছেন জেলেরা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, সুন্দরবন ও বঙ্গোপসাগরে জেলেরা যাতে নির্বিঘ্নে মাছ ধরতে পারেন সে জন্য নিয়মিত অভিযান ও টহল অব্যাহত থাকবে।র্যাব জানায়, গত দেড় বছরে সুন্দরবন এলাকায় র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ১৮ জন জলদস্যু নিহত হয়েছে। সর্বশেষ গত বুধবার সকালে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সুপতি এলাকার বেড় শেলা খালে বন্দুকযুদ্ধে নিহত হন জুলফিকার বাহিনীর প্রধান জুলফিকার মাতুব্বর ওরফে জুলফু (৪০), ভোলার মেঘনা জাকির বাহিনীর প্রধান মেঘনা জাকির ওরফে জাকির হোসেন (৪২), তাঁদের বাহিনীর সদস্য ডাকাত হাফিজ ওরফে হাফিজুর রহমান ও সানোয়ার হোসেন ওরফে সানো। গত বৃহস্পতিবার পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণকেন্দ্রের জেলে আবদুল হক বলেন, ‘জুলফিকারের ডরে মোগো জানে পানি থাকতো না। এইবারও সাগরে নামার আগে পেরতেক ট্রলারের ১০ হাজার অইতে ৩০ হাজার টাকা পর্যন্ত চাঁদা দিয়া টোকেন লওন লাগছে।’ আরেকজন জেলে নাম গোপন রাখার শর্তে বলেন, ‘জুলফিকার মরছে কিন্তু এহনো আব্বাস, রাজু, সোহাগ কত বাহিনী আছে। হ্যারাও তো টোকেন দিয়া গোপনে চান্দা নেয়। যারা মরছে হ্যাগো বাহিনী আছে, অস্ত্র আছে হ্যারা কি আর বইয়্যা থাকপে।’জেলেরা জানান, এবার ইলিশ মৌসুমের শুরুতে রাজু, জুলফিকার ও আব্বাস বাহিনীর সদস্যরা ট্রলার মালিকদের কাছ থেকে টোকেন দিয়ে চাঁদা আদায় করে। প্রত্যেকবার অনেকটা প্রকাশ্যে এই চাঁদা আদায় করা হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অব্যাহত অভিযানে বেশ কয়েকজন জলদস্যু নিহত হওয়ায় এবার তাতে অনেকটা গোপনীয়তা রক্ষা করে। এই চাঁদার অর্থ নেওয়ার সময় জেলে ও ট্রলার মালিকদের জলদস্যু বাহিনীর লোকেরা সতর্ক করে দেয় যাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তা জানতে না পারেন। জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা বিষয়টি স্বীকার করে বলেন, জেলে ও ট্রলার মালিকেরা নিরাপত্তার কথা বিবেচনা করে এই অর্থ দিতে বাধ্য হন।বরগুনার পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, ২০১০ সালে বঙ্গোপসাগরে ১৬০টি ট্রলারে ডাকাতি হয়। এ সময় অপহরণ করা হয় কমপক্ষে ৫০০ জেলেকে। অপহূত জেলেদের মুক্ত করতে জনপ্রতি দশ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত পণ দিতে হয়েছে। এ সময় দস্যুদের হাতে নিহত হন পাঁচজন।তবে জেলা ট্রলার মালিক সমিতির নেতারা জানিয়েছেন, ২০১০ সালে বঙ্গোপসাগরে প্রায় দেড় হাজার ট্রলারে ডাকাতি হয় এবং ৩৮০টি ট্রলারসহ প্রায় সাড়ে তিন হাজার জেলেকে অপহরণ করে দস্যুরা। এসব জেলেকে মুক্ত করতে জনপ্রতি ২০ থেকে এক লাখ টাকা পর্যন্ত পণ দিতে হয়েছে। এ ছাড়া গত এক বছরে দস্যু বাহিনীগুলো কমপক্ষে ৩০ কোটি টাকা চাঁদা আদায় করে। এক বছরে দস্যুদের হাতে নিহত হন প্রায় ১৩ জেলে।র্যাব-৮ পটুয়াখালী ক্যাাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার নুর-উজ-জামান বলেন, বঙ্গোপসাগরে সুন্দরবনকেন্দ্রিক কমপক্ষে পাঁচ-সাতটি দস্যু বাহিনী সক্রিয় রয়েছে। জেলেরা যাতে নির্বিঘ্নে মাছ শিকার করতে পারেন সে জন্য র্যাবের পক্ষ থেকে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।