টিনের শব্দ শুনলে এখনো ভয়ে কুঁকড়ে যান বনগ্রামের ছায়ারানী সাহা, সুষমা রায়, রেবা রানী বিশ্বাস, বিষ্ণু রানী প্রিয়ারা। তাঁরা বলেন, চার মাস আগে তাঁদের ওপর হামলা করে যেভাবে টিনের ঘর ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, তা এখনো ভুলতে পারছেন না তাঁরা। চন্দনা রানী নাগ বলেন, আগে সন্তানের অসুখ হলে রাতেও ওষুধের জন্য বাজারে চলে যেতেন তিনি, এখন তা ভাবতেও পারেন না।
পাবনার সাঁথিয়া উপজেলার বনগ্রামে হিন্দুদের ওপর হামলা হয় গত বছরের ২ নভেম্বর। কিন্তু আতঙ্ক এখনো কাটেনি। আগের মতো স্বাভাবিকভাবে ব্যবসা কিংবা দৈনন্দিন কাজকর্ম চালাতে পারছেন না তাঁরা। কেউ কেউ দেশ কিংবা এলাকা ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। সরেজমিন ঘুরে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে এ চিত্র পাওয়া গেছে।
ঘটনা তদন্তে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে একটি তদন্ত কমিটি হয়েছিল। সে কমিটির তথ্য অনুযায়ী, ওই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল ৩৩টি পরিবার, ২৯টি বসতঘর, ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান, সাতটি মন্দির। এ ঘটনার মূল শিকার বাবলু সাহা। অন্য ক্ষতিগ্রস্তরা হলেন সুকুমার বিশ্বাস, নবকুমার বিশ্বাস, অনিল কুমার সাহা, রাজকুমার বিশ্বাস।
হামলার পর তিনটি মামলা হলেও তদন্ত থেমে আছে। কারা, কেন হিন্দুদের ওপর হামলা চালাল, তা এখনো পরিষ্কার নয়। তবে এলাকার লোকজন চাঁদাবাজিকে এর মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন।
সরেজমিন অনুসন্ধানে জানা গেছে, একটি মামলার বাদী বাবলু সাহা। তাঁর ভাইয়ের ছেলে সৈকত সাহা এখন এলাকাছাড়া। ঘটনার দিন বাবলু সাহার টাকার ব্যাগ ছিল সৈকতের কাছে। তাঁর কাছ থেকে ব্যাগটি কেড়ে নিয়েছিল স্থানীয় সন্ত্রাসী ফজলু। এর পর থেকেই আতঙ্কে ভুগছিলেন সৈকত। গত ১৫ ফেব্রুয়ারি বনগ্রাম ছেড়ে তিনি ভারতে চলে যান বলে এলাকার লোকজন জানান।
এ ছাড়া ঘটনার পর থেকেই বাড়িছাড়া বাবলু সাহার ছেলে রাজীব সাহা। তাঁর নামেই মহানবী (সা.)কে কটূক্তির গুজব ছড়ানো হয়। এলাকার লোকজন বলেন, নির্দোষ হয়েও রাজীব ঘরছাড়া। অথচ মূল হোতা ও মামলার আসামিরা অনেকেই ধরা পড়েননি। রাজীব স্থানীয় মিঞাপুর জসিম উদ্দিন উচ্চবিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল। কিন্তু এখান থেকে পরীক্ষা দিতে পারেনি।
বনগ্রামে বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন এমন একজন হিন্দু ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে বলেন, ‘নভেম্বরের ঘটনার আগে ব্যবসা নিয়ে কোনো ধরনের নিরাপত্তার অভাব বোধ করিনি। এখন ব্যবসা নিয়ে স্বস্তিতে নেই, সব সময় ভয়ে থাকি। দোকানে পুঁজি বাড়াতেও ভয় পাচ্ছি।’ আরেকজন ব্যবসায়ী বলেন, আগে রাত ৯-১০টা পর্যন্ত দোকান খোলা রেখে ব্যবসা করলেও এখন সন্ধ্যা না হতেই দোকান বন্ধ করে বাড়িতে চলে যেতে হয়।
ওই ব্যবসায়ী বলেন, ঘটনার দিন স্থানীয় অনেক বাড়িতেই কালীপূজার আয়োজন চলছিল। কিন্তু হামলাকারীরা পূজার সব আয়োজন তছনছ করে দিয়ে যায়। এর পর থেকে সেখানে আর কোনো ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করতে সাহস পাচ্ছেন না তাঁরা।
ওই ঘটনার পর নিরাপত্তা নিয়ে এতটাই শঙ্কা তৈরি হয়েছে যে অনেকে মেয়েদের স্কুল-কলেজে পাঠাতেও সাহস করছেন না। এরই মধ্যে লেখাপড়া বন্ধ করে দিয়ে মেয়েকে বিয়ে দিয়েছেন, এমন একজন অধিবাসী বলেন, তাঁর মেয়ে কলেজে পড়ত, পড়াশোনায় ভালো ছিল। কিন্তু নিরাপত্তার অভাব বোধ করায় মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন তিনি।
আর মূল ভুক্তভোগী বাবলু সাহার জীবন কাটছে নানা ঝামেলায়। এ প্রতিবেদকের উপস্থিতিতেই মিনিট পনেরোর মধ্যে মামলাবিষয়ক সাত-আটটি ফোন পান তিনি। ওই সময় একজন আসামির মাকে বাবলু সাহার কাছে আসতে দেখা যায়। তিনি মামলা থেকে তাঁর সন্তানের অব্যাহতি চান। এর কিছুক্ষণ পর এসে হাজির পুলিশ ফাঁড়ির একজন সদস্য। তাঁর আবদার, টিভি দেখার জন্য পুলিশ সদস্যরা এদিকে-সেদিক চলে যান। ফলে তাঁরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। তাঁদের একটি টিভি কিনে দিতে হবে। এ প্রতিবেদককে দোকানে অপেক্ষা করতে বলে তখনই পুলিশ ফাঁড়ির জন্য নিজ খরচে টিভি কিনতে রওনা দেন বাবলু সাহা। জানা গেল, এই পুলিশ ফাঁড়ির জন্য নিয়মিতই অর্থ ব্যয় হয় বাবলু সাহার।
দীর্ঘদিন ধরেই বনগ্রামের মুসলমানদের সঙ্গে শান্তি-সৌহার্দ্যের মধ্যে বসবাস করে আসছিলেন বনগ্রামের হিন্দু অধিবাসীরা। তাঁরা ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেননি এমন ঘটনা ঘটতে পারে। এমনকি হামলার সময় বাবলু সাহা নিজে মুসলমানদের দোকানে এবং তাঁর পরিবারের সদস্যরাও মুসলমানদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। কিন্তু আগের সেই সম্প্রীতি আর নেই বলে দাবি করছেন বনগ্রামের অনেক হিন্দু। কারণ, মূল অপরাধীরা ধরা না পড়লেও হয়রানি করা হচ্ছে অনেক সাধারণ মানুষকে। এ জন্য ভুক্তভোগী অনেক মুসলমান অধিবাসী এখন এ জন্য হিন্দুদের দোষারোপ করছেন।
সাহাপাড়ার অধিবাসী সুষমা রায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের সংখ্যালঘু বলা হয়, সংখ্যালঘু কী? আমাদের কাটলে যে রক্ত বের হবে, অন্যদের কাটলেও তো সে একই রক্ত বের হবে। হিন্দু-মুসলমান মিলেমিশে দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছি, কেউ তো আলাদা নয়। ভবিষ্যতে এমন ঘটনা যেন না ঘটে, সে ব্যবস্থা সরকারের নেওয়া উচিত।’
বনগ্রামের ঘটনায় ক্ষতিপূরণ নিয়েও অনিয়মের অভিযোগ উঠেছে। বনগ্রাম সাহাপাড়ার বাসিন্দা নন্দিতা কর্মকার ও চায়না রাণী বিশ্বাসের অভিযোগ, এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হলেও ক্ষতিপূরণ পাননি তাঁরা। একই অভিযোগ ঘোষপাড়ার মহাদেব রাজবংশীরও। একজনের ক্ষতিপূরণ অন্যজন তুলে নেওয়ার অভিযোগও রয়েছে।
তবে এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে সবাই বলেছেন, তাঁরা ক্ষতিপূরণ চান না। সরকার তাঁদের নিরাপত্তা দিক, যাতে তাঁরা বনগ্রামেই নিশ্চিন্তে বসবাস করতে পারেন।
ঘটনার পর বনগ্রাম বাজারে পুলিশের একটি অস্থায়ী ফাঁড়ি স্থাপন করা হয়। স্থানীয়রা চান, ফাঁড়িটি যেন স্থায়ী করা হয়।