স্বস্তি ফেরাতে এলাকাবাসীর সঙ্গে আওয়ামী লীগ নেতাদের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের পরিকল্পনাকে কেন্দ্র করে সহিংস বিক্ষোভ ও মামলার প্রেক্ষাপটে এলাকায় স্বস্তি ফেরাতে বিল এলাকার মানুষের সঙ্গে সভা করেছেন আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। গতকাল চুড়াইন বাজার ও মুন্সিনগর মডেল উচ্চবিদ্যালয় মাঠে দুটি সভা হয়।প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া ও যুবলীগের কেন্দ্রীয় নেতা মোয়াজ্জেম হোসেন। আওয়ামী লীগের নেতাদের অনুরোধে স্থানীয়রা বিভিন্ন রাস্তায় গাছ ফেলে তৈরি করা অবরোধ তুলে নেয়। তাঁরা আশ্বাস দেন, যাদের নামে মামলা নেই, তাদের গ্রেপ্তার করা হবে না।আওয়ামী লীগের প্রতিনিধিদলে অন্যান্যের মধ্যে ছিলেন: নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল জব্বার ভূঁইয়া, চুড়াইন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বদিউল আলম ও চুড়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল মোড়ল আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া বলেন, পুলিশ হত্যা, অস্ত্র লুট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের কোনো ভয় নেই।দুটি সভায় বিল রক্ষা কমিটির পক্ষে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা বোরহান উদ্দিন, মজিবর রহমান, শামসুল হক, ইমান আলী, খালেক মাঝি প্রমুখ।এদিকে শ্রীনগরের সহিংস ঘটনায় পুলিশের খোয়া যাওয়া আরও একটি শটগান উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে হাঁসাড়ার কিশোরকালি উচ্চবিদ্যালয়ের পুকুরপাড় থেকে র্যাব-১১ মুন্সিগঞ্জ ক্যাম্পের সদস্যরা অস্ত্রটি উদ্ধার করেন। এ নিয়ে পুলিশের খোয়া যাওয়া তিনটি শটগান ও একটি গ্যাসগান উদ্ধার করা হয়েছে।