স্বস্তি ফেরেনি আজিজ সুপার মার্কেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার এক সপ্তাহেরও বেশি সময় পার হলেও রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে কর্মচাঞ্চল্য ফেরেনি। গতকাল তোলা ছবি l প্রথম আলো
প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যার এক সপ্তাহেরও বেশি সময় পার হলেও রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে কর্মচাঞ্চল্য ফেরেনি। গতকাল তোলা ছবি l প্রথম আলো

রাজধানীর শাহবাগের আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেটে নিজ কার্যালয়ে গত ৩১ অক্টোবর কুপিয়ে হত্যা করা হয় জাগৃতি প্রকাশনীর কর্ণধার ফয়সল আরেফিন দীপনকে। এরপর পেরিয়ে গেছে এক সপ্তাহেরও বেশি সময়। কিন্তু এখনো স্বস্তি ফেরেনি বিপণিবিতানটিতে। নেই আগের সেই কর্মচাঞ্চল্য। কমেছে বিক্রি।
তবে সময়ের সঙ্গে বাড়বে মানুষের আনাগোনা, বাড়বে বিক্রি, স্বাভাবিক হবে সব—এমনটাই আশা ব্যবসায়ীদের।
গত রোববার সন্ধ্যার পর আজিজ সুপার মার্কেটে জাগৃতির কার্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, মার্কেটের অন্যান্য জায়গার মতো কর্মব্যস্ততা নেই এখানে। সুনসান নীরবতা। জাগৃতির দরজায় তালা ঝুলছিল। তালা ঝুলছিল জাগৃতির দুই পাশের দুটি দোকানেও। সেখানে কর্মরত এক নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেল, এর একটি সমিতির কার্যালয় এবং অন্যটি একজন আইনজীবীর চেম্বার। জাগৃতির ঠিক উল্টো পাশে শর্ট ফিল্ম ফোরামের কার্যালয়, সেটিও তালাবদ্ধ।
মার্কেটের তিনতলায় দায়িত্ব পালনরত ওই নিরাপত্তাকর্মী বলেন, খুব কম সময় সমিতি এবং শর্ট ফিল্ম ফোরামের কার্যালয় খোলা থাকে। এ ছাড়া আইনজীবীও বেশি সময়ের জন্য থাকেন না। তাই এলাকাটা নীরব থাকে। তিনি আরও বলেন, আগে তিনি নিচে মার্কেটের ফটকের কাছে দায়িত্ব পালন করতেন। তবে ওই ঘটনার পর মার্কেট কমিটির পক্ষ থেকে সব জায়গায় নিরাপত্তাকর্মী দেওয়া হয়েছে। আগের চেয়ে মার্কেটে মানুষের আনাগোনা কিছুটা কমেছে বলে জানান তিনি।
আজিজ কো-অপারেটিভ সুপার মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি নাজমুল আহসানও বললেন, এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি মার্কেট। ব্যবসায়ীদের মধ্যে একধরনের আতঙ্ক ও অস্বস্তি কাজ করছে।
জাগৃতির কার্যালয়ের এক দোকান পরেই উৎস প্রকাশন। এই প্রকাশনের গ্রাফিক ডিজাইনার শিশির আহমেদ কাজ করছিলেন কম্পিউটারে। তিনি বললেন, ‘প্রতিটি মুহূর্ত ভয়ের। কাল (শনিবার) একজন লেখক এসে বই বের করতে চাইলেন। কিন্তু ভয়ে তেমন কথাও বলিনি। এখন যেখানেই যাচ্ছি, মনে হচ্ছে কেউ যেন ফলো করছে। স্বস্তি নাই।’
বিপণিবিতানের নিচ থেকে চতুর্থ তলা পর্যন্ত প্রায় প্রতি তলাতেই রয়েছে ফ্যাশন হাউস। একটি ফ্যাশন হাউসের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেন, ওই ঘটনার আগে দিনে কম করে হলেও ১৫ থেকে ২০ হাজার টাকা বিক্রি হতো। এখন সেটি ৫ হাজারে নেমে এসেছে।