চট্টগ্রামে নির্বাহী হাকিমদের কর্মশালা
স্বস্তি, শান্তি ও নিরাপত্তা নির্ভর করে আইন প্রয়োগেরওপর
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষেত্রে নির্বাহী হাকিমদের (ম্যাজিস্ট্রেট) সততা এবং অনৈতিক চাপ অগ্রাহ্য করে দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ, আইনের সঠিক প্রয়োগের ওপর নির্ভর করে নাগরিক জীবনে স্বস্তি, শান্তি ও নিরাপত্তার বিষয়টি। তাই কোনো অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। নাগরিকদের স্বার্থেই নির্ভয়ে আইনের সঠিক প্রয়োগ ঘটাতে হবে।
‘অপরাধ দমনে নির্ভয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার অঙ্গীকার’ শীর্ষক এক কর্মশালায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব কথা বলেন। দুই দিনব্যাপী এই কর্মশালায় চট্টগ্রাম বিভাগের ১১ জেলার ৩৩ জন নির্বাহী হাকিম অংশ নেন।
চট্টগ্রাম নগরের লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত এ কর্মশালার শেষ দিনে গতকাল শনিবার নির্বাহী হাকিমদের শপথবাক্য পাঠ করান প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা ও মিল্ক ভিটার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুনীর চৌধুরী।
গতকাল কর্মশালায় নির্বাহী হাকিমদের হাতে-কলমে আইন প্রয়োগের বিষয়টি শেখান মোহাম্মদ মুনীর চৌধুরী। আইন প্রয়োগের ক্ষেত্রে কোন ধরনের চাপ আসতে পারে এবং কারা চাপ সৃষ্টি করতে পারে, তার ইঙ্গিত দেওয়া হয়। কিন্তু কোনো চাপে মাথা নত না করে আইনের প্রয়োগ ঘটাতে তিনি নির্বাহী হাকিমদের পরামর্শ দেন। এর আগে গত শুক্রবার কর্মশালার উদ্বোধন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ।
গতকাল কর্মশালায় খাদ্যে ভেজাল, যানবাহন চলাচলে বিশৃঙ্খলা, নদনদী, খালবিল দখল ও ভরাট, পরিবেশদূষণ, ব্যবসা-বাণিজ্যে অনৈতিকতা, অবৈধ ইটভাটা এবং মাদক ব্যবসা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের ভূমিকা কী হওয়া উচিত, তা নির্বাহী হাকিমদের শেখানো হয়। কেবল জরিমানা করে দায় শেষ করলে হবে না; বরং সংশ্লিষ্ট ব্যক্তিদের ওপর মনস্তাত্ত্বিক ও শারীরিক চাপও সৃষ্টি করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ অনৈতিক কাজ না করে।