স্বস্তিতে ঢাকায় ফিরে বাসায় ফেরার কষ্ট!

এবার স্রোতের মতো ঢাকায় ফিরছেন গ্রামে ঈদ উদ্যাপন করতে যাওয়া মানুষ। ঈদ উপলক্ষ নেওয়া বাড়তি ছুটিসহ টানা ছয় দিন পর অফিস-আদালত খুলছে আজ রোববার। গত বৃহস্পতিবার অফিস খোলা থাকলেও অনেকেই সেদিন নিয়েছিলেন বাড়তি ছুটি। তাই গতকাল শনিবার ঢাকামুখী বাস, ট্রেন, লঞ্চ—সব গণপরিবহনেই ছিল যাত্রীর প্রচণ্ড চাপ।
গতকাল নগরের বিভিন্ন স্টেশন-টার্মিনাল আর লঞ্চঘাটে ঘুরে দেখা যায়, পরিবার-পরিজন নিয়ে নিরাপদে-নির্ঝঞ্ঝাটে ঢাকায় ফিরতে পেরে মানুষের মুখে স্বস্তির ছাপ। এর অন্যতম মূল কারণ মহাসড়কে যানজটের মতো ভোগান্তি না থাকা। তবে স্টেশন থেকে ঘরে ফেরার যানবাহন খুঁজতে গিয়ে নাকাল হতে হয়েছে কমবেশি সবাইকে।
কল্যাণপুরের কাছে টেকনিক্যাল বাস কাউন্টারে এস আর পরিবহনে বগুড়া থেকে আসা সোলায়মান ভূঁইয়া বলেন, ‘সাড়ে চার ঘণ্টায় চলে এলাম। এত কম সময়ে আসা যাবে ভাবতেও পারি নাই।’ সোলায়মান ভূঁইয়ার এ স্বস্তি দীর্ঘায়িত হয়নি। ফুরফুরে মেজাজ বিগড়ে যায় শিগগিরই।
তবে অনেক মানুষের সঙ্গে বাচ্চাকাচ্চা ও লটবহর থাকায় সিএনজিচালিত অটোরিকশাই ছিল তাঁদের বড় ভরসা। সেই সুযোগে সিএনজিচালকেরা অতি চড়া ভাড়ায় যেতে যাত্রীদের বাধ্য করেন। এমনিতেই মিটারের তোয়াক্কা না করা সিএনজিচালকেরা ঈদের সময় বরাবরই এমন করেন বলে যাত্রীদের অভিযোগ।
গাবতলী বাস টার্মিনালে কথা হয় জে আর পরিবহনে ঝিনাইদহ থেকে আসা হাবিবুর রহমানের সঙ্গে। তিনি বলেন, সিএনজিওয়ালাদের মিটারে যেতে বললে হাসে, পাগল ভাবে। এখান থেকে বাসাবো যেতে পাঁচ শ টাকা চাচ্ছে।
ট্রেন: গতকাল দুপুরে কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায়, আন্তনগর ট্রেনগুলো এক থেকে দেড় ঘণ্টা দেরিতে ঢাকায় ফিরছে। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর দুপুর একটা ৪০ মিনিটে পৌঁছায় নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস। দেওয়ানগঞ্জ থেকে ব্রহ্মপুত্র এক্সপ্রেস পৌঁছায় দেড় ঘণ্টা দেরিতে।
স্টেশন মাস্টার বললেন, সব ট্রেনই নির্ধারিত সময়ের কাছাকাছি সময়ে পৌঁছাচ্ছে। একটু-আধটু দেরি হচ্ছে রেলক্রসিংয়ের কারণে।
ট্রেনের ছাদ পর্যন্ত ছিল লোকে ঠাসা। ভেতরেও ছিল দাঁড়ানো যাত্রীসহ উপচে পড়া ভিড়। কিন্তু তা নিয়ে কোনো অভিযোগ ছিল না যাত্রীদের।
ব্রহ্মপুত্র এক্সপ্রেসে আসা বাসাবোর বাসিন্দা রাকিবুদ্দিন বলেন, ‘বসার টিকিট না পেলে আমিও তো দাঁড়িয়ে আসতাম। বাড়িতে সবাই যেতে চায়, কাল অফিসও করতে হবে। তাই সবাই মিলেমিশে চলে এলাম।’
লঞ্চ: কেরানীগঞ্জ প্রতিনিধি জানান, গতকাল শনিবার ভোর পাঁচটা থেকে দুপুর পর্যন্ত ঢাকা সদরঘাটে দক্ষিণাঞ্চল থেকে ৬৯টি লঞ্চ এসেছে। সব লঞ্চই ছিল অতিরিক্ত যাত্রী ও মালামালে বোঝাই।
লঞ্চের যাত্রীরা বরাবরের মতোই কুলিদের দৌরাত্ম্য এবং বাসায় ফেরার যানবাহন পাওয়ার সমস্যায় দুর্ভোগ পোহান। অনেকে লঞ্চেও বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেন।
অনেক যাত্রীকে যানবাহন না পেয়ে দীর্ঘ সময় টার্মিনালেই অপেক্ষা করতে দেখা যায়। এখানেও সুযোগ বুঝে সিএনজিওয়ালারা ভাড়া চাচ্ছিলেন কয়েক গুণ বেশি।
পটুয়াখালী থেকে আসা নজরুল ইসলাম বলেন, ‘সাভারে যাব। প্রায় তিন ঘণ্টা বসে থেকেও কোনো যানবাহন পাচ্ছি না। সিএনজি ভাড়া চাচ্ছে নয় শ টাকা। এভাবে যাত্রীদের জিম্মি করে বাড়তি ভাড়া আদায় করাটা বড় অন্যায়।’