কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত একক প্রার্থীর পাশাপাশি বিদ্রোহী প্রার্থীও রয়ে গেছেন। এতে ২৭ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে দলের তৃণমূল নেতা-কর্মীদের মাঝে হতাশা বিরাজ করছে।
একক প্রার্থী জাফর আলমের বিজয়ে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছেন দলের বিদ্রোহী প্রার্থী মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী ওরফে বাবলা। সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘মাঠের অবস্থা যাচাই করে নির্বাচনের অন্তত দু-তিন দিন আগে হলেও দল আমাকে মনোনীত করবে। নেত্রী যেভাবে বলেছেন, চকরিয়ায় সেভাবে প্রার্থী বাছাই হয়নি, সুতরাং নিয়ম অনুযায়ী দল আমাকে বহিষ্কার করতে পারবে না।’ তবে চকরিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম বলেন, গুটি কয়েক আওয়ামী লীগ নেতা বিএনপি-জামায়াতের সঙ্গে আঁতাত করে বাবলাকে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন।
এদিকে ঘর গুছিয়ে মাঠে নেমেছে বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টি। এ তিনটি দল চেয়ারম্যান পদে একক প্রার্থী দিয়েছে। বিএনপি থেকে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান চৌধুরী ওরফে খোকন মিয়া, জামায়াত থেকে আরিফুর রহমান চৌধুরী ওরফে মানিক ও জাতীয় পার্টি থেকে শাহনেওয়াজ চৌধুরী ওরফে স্বপন মিয়া চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে মাঠ চষে বেড়াচ্ছেন।
জানতে চাইলে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র নেওয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহিম চৌধুরী বলেন, ‘বিএনপির একক প্রার্থী খোকন মিয়া। ১১ ফেব্রুয়ারি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেব। কেন্দ্র থেকে তাঁর পক্ষে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।’
দলের বিদ্রোহী প্রার্থী ঠেকাতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে জানতে চাইলে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে আহমদ হোসেন প্রথম আলোকে বলেন, দল থেকে জাফর আলমকে একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। বিদ্রোহী প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহারের দিন পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এর মধ্যে তিনি প্রার্থিতা প্রত্যাহার না করলে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে ব্যবস্থা নেওয়া হবে।