স্বস্তির চেয়ে বিড়ম্বনা বাড়াল বৃষ্টি

টানা কয়েক দিনের ভ্যাপসা গরম থেকে গতকাল শনিবারের বৃষ্টি স্বস্তি দিলেও যাতায়াতের বিড়ম্বনায় পড়তে হয়েছে চট্টগ্রাম নগরবাসীকে। বিশেষ করে শিক্ষার্থী ও অফিসগামী লোকজনকে বেশি ভোগান্তিতে পড়তে হয়েছে। দিনভর বৃষ্টির কারণে রাস্তায় যানবাহনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে তুলনামূলক কম ছিল। এ সুযোগে রিকশাচালকেরা অতিরিক্ত ভাড়া আদায় করায় বাড়তি ভোগান্তির শিকার হতে হয়েছে সাধারণ মানুষকে।
বৃষ্টির সঙ্গে হিমেল হাওয়ার কারণে ঠান্ডা অনুভূত হওয়ায় রাজপথে মানুষের উপস্থিতি ছিল তুলনামূলক কম। ফুটপাতে ও পথের ধারে ছাপরা ঘর তুলে বাস করা ছিন্নমূল মানুষকে ভুগিয়েছে এই বৃষ্টি।
নগরের কাজীর দেউড়ি এলাকা থেকে গতকাল সকাল সোয়া সাতটায় অটোরিকশায় করে ইপিজেডের কারখানায় যান শরিফুল ইসলাম। পোশাক কারখানার এই কর্মকর্তা বলেন, বৃষ্টির কারণে সিএনজি (অটোরিকশা) কম ছিল। চালকেরা ভাড়াও চাচ্ছিলেন বেশি। কাজীর দেউড়ি থেকে ইপিজেড এলাকার দূরত্ব ১০ কিলোমিটারের মতো। স্বাভাবিক অবস্থায় দরদাম করে ১৮০ থেকে ২০০ টাকায় যাওয়া যায়। কিন্তু গতকাল অটোরিকশা ৩০০ টাকা নিয়েছে।
বৃষ্টির কারণে রিকশাভাড়াও ছিল দ্বিগুণ। রিকশাও কম চলেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীদের উপস্থিতিও তুলনামূলক কম ছিল। বিকেলে নগরের অনেক স্কুলের শিক্ষার্থীদের কাকভেজা হয়ে বাড়ি ফিরতে হয়েছে।
চট্টগ্রামে ভোগ্যপণ্যের বড় পাইকারি বাজার চাক্তাই ও খাতুনগঞ্জে ক্রেতাদের উপস্থিতি কম ছিল। চট্টগ্রাম চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম প্রথম আলোকে বলেন, বৃষ্টির কারণে মানুষজন কম বের হয়েছে।
সাগর উত্তাল থাকায় এবং টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য স্থানান্তরের কাজ ব্যাহত হয়েছে। এর মধ্যে ভোগ্যপণ্য, সিমেন্ট ক্লিংকার, সার ইত্যাদি পণ্য খালাসকাজ বন্ধ রয়েছে। তবে বন্দর জেটিতে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কাজ অব্যাহত রয়েছে।
বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশনের সহসভাপতি এ কে এম শামসুজ্জামান প্রথম আলোকে বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগর উত্তাল রয়েছে। দুদিন ধরে বহির্নোঙরে বড় জাহাজের থেকে লাইটার জাহাজে পণ্য স্থানান্তরে সমস্যা হচ্ছে।
পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্র জানায়, গত শুক্রবার বেলা তিনটা থেকে গতকাল বেলা তিনটা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৬ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার রাত দেড়টা থেকে হালকা ও মাঝারি বর্ষণ হচ্ছে নগরে।
পতেঙ্গা আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ বিজন রায় বলেন, একটি লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে। এর প্রভাবে বৃষ্টি হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায়ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া অফিস বলছে, উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।