স্বস্তির নিশ্বাস ধানমন্ডি লেকে

কানিজ সুলতানা দুই বছর বয়সী মেয়ে অজিয়ানাকে নিয়ে সেন্ট্রাল রোড থেকে ধানমন্ডি লেকে এসেছেন। প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মেয়েকে পরিচয় করাতে প্রায়ই আসেন। কিছুটা স্বস্তিও মেলে। কানিজের মতো রাজধানীবাসীর কাছে ধানমন্ডি লেক স্বস্তির নিশ্বাস ফেলার জায়গা।
গত বৃহস্পতিবার সকালে ধানমন্ডি লেকে গিয়ে দেখা যায়, নানা বয়সী মানুষ হাঁটছে। আবার দল বেঁধে গল্পও চলছে। মধ্যবয়সী নারীদের একটি দল হাঁটার পরে গল্প করছিল। তাঁরা বললেন, বাসা-অফিস মিলিয়ে সবাই যান্ত্রিকভাবে জীবন যাপন করেন। লেকে এসেই প্রাণ খুলে গল্প করতে পারেন।
সকালে লেকঘেঁষে ছোটখাটো বাজারও বসে। শাকসবজি, মাছ-মুরগি, কাপড় এবং ঘরের কাজের তৈজসপত্রও বিক্রি হচ্ছে। তবে নয়টা বাজলেই তাঁদের তুলে দেওয়া হয়।
পারভীন আক্তার সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব পালন করেন। তিনি বলেন, ‘হকারদের থাকতে দেই না। মাঝে মাঝে আইসা পড়ে। মানুষরে বিরক্ত করতে দেই না।’ তিনি আরও বললেন, দিনে ও রাতে পালা করে প্রায় ১২ জন নিরাপত্তার দায়িত্ব পালন করেন।
পেশায় ব্যবসায়ী আবদুল মজিদ প্রায় বিকেলেই লেকের পাড়ে হাঁটতে আসেন। গতকালও এসেছেন। তিনি বলেন, ‘অনেকক্ষণ নিশ্বাস আটকে রাখার পর শ্বাস ছাড়লে যে শান্তি লাগে, এখানে এলে তেমন বোধ হয়।’ লেকের পরিবেশ ভালো এবং নিরাপদ।
ধানমন্ডি লেকে বিকেলের চিত্রটা ভিন্ন। ঘুরতে আসা বেশির ভাগই তরুণ। কেউ বন্ধুদের সঙ্গে গল্প করছেন, কেউ গিটার বাজাচ্ছেন, ছবিও তুলছেন কেউ কেউ। লেক ঘিরে গড়ে ওঠা খাবারের দোকানগুলোতেও মানুষ ভিড় জমাচ্ছে।
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জায়নাব ইসলাম বলেন, ‘বন্ধুদের নিয়ে এখানেই আড্ডা দেই। রাত হয়ে গেলেও নিরাপত্তা নিয়ে ভাবতে হয় না।’
লেকের মধ্যে কয়েকটি বর্গাকৃতির ভাসমান খোলা স্থান নির্মাণ করা হয়েছে। তবে এর কয়েকটি ভেঙে গেছে। লেক ধরে ধানমন্ডি ৫ নম্বরের দিকে যেতে এমনই একটি ভাসমান খোলা স্থান ভাঙা চোখে পড়ে। লোকজন গাছের গুঁড়ির ওপর দিয়ে সেখানে যাচ্ছেন।
রেহনুমা আক্তার ক্ষোভ প্রকাশ করলেন চকলেট ও ফুল বিক্রেতাদের উৎপাত নিয়ে। হাঁটতেও শান্তি পান না। টাকা না দেওয়া পর্যন্ত পিছু ছাড়ে না। বললেন, কর্তৃপক্ষের এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন ভাঙা স্থান নিয়ে বলেন, সমস্যাগুলো তাঁরা দেখেছেন, ঠিক করে দেবেন। জানালেন চকলেট ও ফুল বিক্রেতাদের প্রায়ই উচ্ছেদ করা হয়, কিন্তু আবার এসে ঘোরাঘুরি করে।
রাজু মিয়া অনেক বছর ধরেই এই লেকে বাঁশি বাজান ও বিক্রি করেন। কেউ তাঁর বাঁশি শোনেন, কেউ শেখার চেষ্টা করেন। তবে বিক্রি হয় কম। কিন্তু এখানে বাজাতে তাঁর ভালো লাগে।
রাসেল ও সুখন রহমান বন্ধুদের সঙ্গে গিটার বাজিয়ে গান করছিলেন। সুখন বলেন, ‘গলা ছেড়ে আর কই গান গাওয়া যায়? একমাত্র এখানেই সম্ভব।’ রাসেল বলেন, রেস্টুরেন্টে গেলে মন খুলে গল্প হয় না, বদ্ধ পরিবেশে টাকা দিয়ে খাওয়ার বিনিময়ে গল্প হয়। লেকে এলে পকেটের দিকে তাকাতে হয় না।