স্বস্তির বদলে দুর্ভোগ বাড়িয়ে দিল বৃষ্টি

কয়েক দিনের গরমের পর বৃষ্টি ৪০০ বছরের পুরোনো এই ঢাকার বাসিন্দাদের জন্য যতটা স্বস্তিদায়ক হওয়ার কথা ছিল, হয়েছে ঠিক তার উল্টো। কারণ, ঢাকাকে নাগরিকদের বসবাসের উপযুক্ত করে গড়ে তোলার চেষ্টা কেবল আলোচনায় সীমাবদ্ধ আছে বছরের পর বছর ধরে।
মূল সড়ক থেকে শুরু করে অলিগলিতে জমে গেছে পানি। বৃষ্টি, বর্জ্য আর কাদামাখা সেই পানি। বিভিন্ন জায়গায় এর সঙ্গে যুক্ত হয়েছে যানজট। গাড়িগুলো আটকে আছে ঘণ্টার পর ঘণ্টা। কোথাও কোথাও অচল হয়ে পড়ে আছে সিএনজিচালিত অটোরিকশা। বাসস্ট্যান্ডগুলোতে বৃষ্টিভেজা মানুষের নিদারুণ অপেক্ষা। অনেকে হেঁটে কাদাপানি মেখে গন্তব্যে পৌঁছার আপ্রাণ চেষ্টা করছে। এসব ছবি এক জায়গায় জড়ো করলে যে চিত্র ফুটে উঠবে, তাতেও গতকালের ঢাকার দুর্ভোগ আর যন্ত্রণার পুরো চিত্র উঠে আসবে না।
সকালে অফিসগামী আর নিম্ন আয়ের মানুষের যে দুর্ভোগ শুরু হয়েছিল, রাত পেরিয়েও সেই দুর্ভোগ কমেনি; বরং জলজটের কারণে দুর্ভোগ আরও বেড়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকায় গতকাল ১৩৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। অপরিকল্পিত এই শহরের মানুষের কষ্টের জন্য এই বৃষ্টিই তো যথেষ্ট। আর কারও বাসা যদি হয় মালিবাগ, মগবাজার, রামপুরা, বনশ্রী, বাড্ডা, মেরুল, নাজিমউদ্দিন রোড, গ্রিন রোড, মিরপুরের মতো এলাকায়, তাহলে তার জন্য আছে বাড়তি যন্ত্রণার আয়োজন। ফ্লাইওভার ও ইউলুপের কারণে অনেক দিন ধরেই মগবাজার-মালিবাগ এলাকায় মানুষের সীমাহীন দুর্ভোগ চলছে।
নগরবাসী বলছেন, গতকাল সকালে ঘর থেকে বেরিয়েই গাড়ির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। সবচেয়ে বেশি কষ্ট পোহাতে হয়েছে নারীদের। সকালে অভয় দাস লেন মোড়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কোনো রিকশা না পেয়ে একপর্যায়ে হাঁটা শুরু করেন ব্যাংকের কর্মকর্তা কিশোয়ারা বেগম। তিনি বলেন, এমন দিনে অফিস করা মানে যুদ্ধ।
বেলা পৌনে তিনটার দিকে ফকিরাপুল পেট্রলপাম্পের সামনে দেখা যায় প্রায় হাঁটুপানি। সেখান থেকে ফকিরাপুল মোড়ের উত্তর প্রান্তে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সামনে পর্যন্ত পানি আর পানি। পল্টন থানার সামনে প্রায় ১০০ মিটার সড়ক বাদ দিয়ে আবার পানি। পুরো এলাকায় যানজট।
বিভিন্ন রাস্তায় জমে থাকা পানির মধ্যেই সিএনজিচালিত অটোরিকশা ঠেলতে ঠেলতে এগোতে দেখা যায় অনেক চালককে। তিনি জানান, ইঞ্জিনে পানি ঢুকে বন্ধ হয়ে গেছে। আরামবাগ, ফকিরাপুল, নয়াপল্টন, কাকরাইল এলাকায় এ ধরনের অন্তত ৫০টি অটোরিকশা দেখা যায়।
শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজের পাশে থেকে প্রেস ইনস্টিটিউট ছাড়িয়ে পুরো সার্কিট হাউস রোডে দেখা যায় জলাবদ্ধতা।
টানা বর্ষণে পুরান ঢাকার চকবাজার রোড, নাজিমুদ্দিন রোডসহ আশপাশের বিভিন্ন গলি সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব এলাকায় গলি সড়কগুলোতে হাঁটুপানি জমে যায়। এ ছাড়া লালবাগ চৌরাস্তা, জগন্নাথ সাহা রোডে বৃষ্টির পানিতে সড়ক ছুঁইছুঁই অবস্থা দেখা গেছে।
বেলা তিনটা থেকে মতিঝিল, সচিবালয়, প্রেসক্লাব, শাহবাগ, রমনা এলাকা ঘুরে দেখা গেছে, যানজটে আটকে আছে সব গাড়ি। আবার যানবাহন না পেয়ে ঠায় রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়েছে শত শত মানুষকে।
গতকালের জলাবদ্ধতা নিয়ে জানতে চাইলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘গতকাল শান্তিনগরে পানি জমেনি। আশপাশের এলাকায়ও জলাবদ্ধতা কম হয়েছে। সামনে দুর্ভোগ আরও কমে যাবে।’
অবশ্য এমন আশ্বাস শুনেই নগরবাসীর বছরের পর বছর কাটছে। কিন্তু দিন যতই যাচ্ছে, মানুষের দুর্ভোগ যেন বেড়েই চলছে।