স্বস্তির বৃষ্টিতে অস্বস্তি

গতকাল বুধবারের অল্পস্বল্প বৃষ্টিতে খানিকটা স্বস্তির পরশ বুলিয়ে দিয়েছিল রাজধানীতে। আর আজ বৃহস্পতিবারের বৃষ্টিও স্বস্তি এনেছে। তবে স্বস্তির বৃষ্টি নগরবাসীর কাছে অস্বস্তি হিসেবে রূপ নিয়েছে। একটানা প্রায় ১২ দিনের অনাবৃষ্টিতে রাজধানীর জনজীবন প্রায় অতিষ্ঠ হয়ে উঠেছিল।
আজ সকাল ছয়টা থেকে দুপুর সাড়ে ১২টায় পর্যন্ত ঢাকায় বৃষ্টি হয়েছে ৬৩ মিলিমিটার। বিরামহীন এই বৃষ্টি রূপ এখন রীতিমতো অস্বস্তি বয়ে এনেছে রাজধানীবাসীর কাছে। আজ বৃষ্টি কেবল ঢাকায় নয়, খুলনা, যশোর, সাতক্ষীরা জেলা ছাড়া পুরো দেশে বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ু বাংলাদেশে চলে এসেছে। তারই প্রভাবে গতকাল বুধবার থেকে বৃষ্টির দেখা মিলছে। বৃষ্টি চলবে আরও কয়েক দিন।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে চাঁদপুরে। এখানে আজ সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ১১৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর পরে বেশি বৃষ্টি হয়েছে সিলেটে, সেখানে বৃষ্টির পরিমাণ ছিল ১০০ মিলিমিটার। এ ছাড়া রংপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, মাদারীপুর, খাগড়াছড়িতেও বেশ ভালো বৃষ্টি হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রাশেদুজ্জামান বলেন, বৃষ্টির কারণে দেশের প্রায় সব জায়গায় তাপমাত্রা কমে এসেছে। প্রায় ১০ / ১২ দিনের অনাবৃষ্টির কারণে দাপ দাহ শুরু হয়েছিল। গতকাল রাজধানী ঢাকাতে তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। তবে গতকাল ও আজকের বৃষ্টিতে অনেকটাই স্বস্তি মিলেছে।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুসারে, ঢাকার পাশাপাশি ময়মনসিংহ, সিলেট, বেশি বৃষ্টি হচ্ছে। রাজশাহী, যশোর, খুলনা, মংলা এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন।
সকালবেলার বৃষ্টিতে পথ চলতে গিয়ে দুর্ভোগে পড়েন ঢাকার কর্মব্যস্ত মানুষ। বিশেষ করে স্কুলগামী শিশুদের নিয়ে অভিভাবকদের বিপত্তিতে পড়তে হয়। প্রচণ্ড বৃষ্টির কারণে সৃষ্টি হয় তীব্র যানজটের। বিশেষ করে গুলশান, নিকেতন ও হাতিরঝিল-সংলগ্ন এলাকায় যানজট চরম আকার ধারণ করে। এর প্রভাব পড়ে রাজধানীর অন্য সড়কগুলোতে।
পুলিশের ট্রাফিক বিভাগের ভাষ্য, সপ্তাহের শেষ কর্মদিবসে রাজধানীতে ব্যস্ততা একটু বেশিই থাকে। এর ওপর সকাল থেকে হওয়া বৃষ্টির কারণে অনেক সড়কে পানি জমে যায়। মূলত এ সব কারণেই আজ সকাল থেকে রাজধানীতে তীব্র যানজট দেখা দিয়েছে। আর হাতিরঝিল-সংলগ্ন পুলিশ প্লাজা কনকর্ড ভবনের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে ওই এলাকায় সৃষ্টি হয় যানজটের। ভবনটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানীর মিরপুর থেকে কারওয়ান বাজারে আসা এক যাত্রীর ভাষ্য, আধঘণ্টার পথ পৌনে দুই ঘণ্টায় এসেছেন তিনি। বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ফার্মগেটের দিকে আসা এক যাত্রী বলেন, আজ গন্তব্যে পৌঁছাতে তাঁর দেড় ঘণ্টা সময় বেশি লেগেছে। যানজটে বিরক্ত অনেক যাত্রীকে যানবাহন থেকে নেমে হাঁটতে দেখা গেছে।
রাজধানীর রমনা, কাকরাইল প্রভৃতি এলাকায়ও যানজট রয়েছে বলে পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে। গুলশান, নিকেতন ও হাতিরঝিল-সংলগ্ন এলাকার সড়কে আজ যানজট তীব্র আকার ধারণ করে বলে কয়েকজন যাত্রী প্রথম আলোর কাছে অভিযোগ করেন। দুর্ভোগের শিকার হওয়া ওই যাত্রীরা বলেন, যানজটে পড়ে রাস্তায় তাদের অনেক সময় নষ্ট হয়েছে। তাই কর্মস্থলে যেতেও বেশ বিলম্ব হয়েছে।
হাতিরঝিল-সংলগ্ন পুলিশ প্লাজা কনকর্ড ভবনের উদ্বোধনী অনুষ্ঠান এবং বৃষ্টির কারণে ওই এলাকায় যানজট সৃষ্টি হয় বলে পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে।
নাম প্রকাশ না করে পুলিশের ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, পুলিশ প্লাজা কনকর্ড ভবন উদ্বোধন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে ওই এলাকার কিছু কিছু সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। তাই যানজট সৃষ্টি হয়েছে। সকাল থেকে হওয়া বৃষ্টি এই যানজটকে আরও বাড়িয়ে দিয়েছে।