স্বাক্ষর জাল করে খাসজমির নিবন্ধন নেওয়ার অভিযোগ
পটুয়াখালীর গলাচিপা উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের স্বাক্ষর জাল করে ভুয়া কাগজপত্র তৈরির মাধ্যমে জালিয়াত চক্র খাসজমি নিয়ে নিচ্ছে এবং ওই চক্রের সঙ্গে স্থানীয় ভূমি কার্যালয় ও সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় ভূমি প্রশাসনও জালিয়াতির ঘটনার সত্যতা স্বীকার করেছে।সম্প্রতি গলাচিপা উপজেলা ভূমি কার্যালয় ও উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের নথিপত্র পর্যালোচনা করে জানা গেছে, গত সেপ্টেম্বর মাসে ওই চক্র জালিয়াতির মাধ্যমে গলাচিপার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা মৌজার ৯০ একর খাসজমির ৩৬টি বন্দোবস্ত মামলার ‘কবুলিয়ত দলিল’ নিবন্ধন করিয়ে নিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারসহ (ভূমি) স্থানীয় ভূমি কার্যালয়ের কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে ভুয়া কাগজপত্র দিয়ে সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে এই নিবন্ধন করা হয়। ওই সব বন্দোবস্ত মামলার বৈধ কোনো কাগজপত্র উপজেলা ভূমি কার্যালয়ে নেই। গলাচিপার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লস্কার তাজুল ইসলাম [সহকারী কমিশনার (ভূমি) অতিরিক্ত দায়িত্বে] গত ৬ ডিসেম্বর এ ব্যাপারে ব্যাখ্যা চেয়ে গলাচিপা উপজেলা সাব-রেজিস্ট্রারের কাছে চিঠি দেন। ওই চিঠির পরিপ্রেক্ষিতে ৩ জানুয়ারি সাব-রেজিস্ট্রার মো. আবদুল বারিকের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘গলাচিপা ভূমি কার্যালয়ে গত ১৬ সেপ্টেম্বর দুটি স্মারকে চারটি চিঠির বরাতে মোট ৫৩টি বন্দোবস্ত মামলার কবুলিয়ত দলিল নিবন্ধন সম্পন্ন করা হয়েছে।’ কিন্তু উপজেলা ভূমি কার্যালয় সূত্র জানায়, সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের দেওয়া ৩ জানুয়ারির ব্যাখ্যায় বলা হয়, ভূমি কার্যালয়ের গত ১৬ সেপ্টেম্বরের ১২৮১ ও ১২৮২ নম্বর স্মারকে দুটি করে চারটি চিঠিতে ৫৩টি বন্দোবস্ত মামলার কবুলিয়ত দলিল নিবন্ধনের কথা বলা হলেও প্রকৃতপক্ষে ভূমি কার্যালয় থেকে ওই তারিখের ১২৮১ ও ১২৮২ নম্বর স্মারকে একটি করে চিঠি দেওয়া হয়। ১২৮১ নম্বর স্মারকের চিঠিতে দুটি এবং ১২৮২ নম্বর স্মারকের চিঠিতে ১৫টি, মোট ১৭টি বন্দোবস্ত মামলার দলিল নিবন্ধন করার জন্য পাঠানো হয়। বাকি ৩৬টি মামলার বৈধ কোনো কাগজপত্র ভূমি কার্যালয়ে নেই।এ প্রসঙ্গে সাব-রেজিস্ট্রার মো. আবদুল বারিক প্রথম আলোকে বলেন, ‘প্রচলিত রেওয়াজ অনুযায়ী খাসজমি বন্দোবস্ত মামলার কবুলিয়ত দলিল নিবন্ধনের জন্য ভূমি কার্যালয়ের চিঠিসহ ওই দপ্তরের একজন প্রতিনিধি নিবন্ধনের সময় উপস্থিত থাকেন। উল্লিখিত মামলাগুলোর দলিল নিবন্ধনের সময়ও ওই দপ্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন। সে ক্ষেত্রে জালিয়াতি করে চিঠি নিয়ে আসা হলেও আমাদের কিছু করার ছিল না।’ একই তারিখ এবং স্মারকে একাধিক চিঠি পাওয়ার পরও বিষয়টি সতর্কতার সঙ্গে যাচাই করা হয়েছে কি না জানতে চাইলে আবদুল বারিক বলেন, ‘উপজেলা ভূমি কার্যালয়ের চিঠিগুলো একই তারিখ এবং স্মারকের হলেও সেগুলো আমাদের কার্যালয়ে এসেছে ভিন্ন ভিন্ন তারিখে। এ কারণে তা যাচাই করা সম্ভব হয়নি।’সাব-রেজিস্ট্রারের কার্যালয়ের প্রধান করণিক মো. হাতেম আলী বলেন, ‘যে ৩৬টি মামলার কবুলিয়ত দলিল নিবন্ধনের ক্ষেত্রে জালিয়াতির আশ্রয় নেওয়া হয়েছে বলে কথা উঠেছে, সেগুলো নিবন্ধনের জন্য ভূমি কার্যালয়ের প্রতিনিধি হিসেবে ওই দপ্তরের সার্ভেয়ার মো. আবদুল হক উপস্থিত ছিলেন। আমরা তাঁদের নির্দেশনা অনুসারে কাজ করেছি মাত্র।’এ ব্যাপারে সার্ভেয়ার মো. আবদুল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি গলাচিপা থেকে বদলি হয়ে বর্তমানে বরগুনার আমতলীতে কর্মরত। গলাচিপার যে ৩৬টি মামলার কবুলিয়ত দলিল নিবন্ধনে জালিয়াতির অভিযোগ উঠেছে, সে সম্পর্কে আমার কিছু জানা নেই।’গলাচিপার ইউএনও লস্কার তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে খাসজমি বন্দোবস্ত মামলার যে কবুলিয়ত দলিল নিবন্ধন করা হয়েছে সে ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি। আমরা সাব-রেজিস্ট্রারের কার্যালয়ে এ বিষয়ে ব্যাখ্যা চাওয়ায় ওই দপ্তর থেকে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। তবে তা সন্তোষজনক ও সুস্পষ্ট নয়। আমরা আবারও তাদের কাছে বিস্তারিত ব্যাখ্যা চেয়ে চিঠি লিখব। জালিয়াতির সঙ্গে বাইরের বিশেষ চক্র ও সাব-রেজিস্ট্রারের কার্যালয়সহ ভূমি কার্যালয়ের কেউ জড়িত থাকতে পারে। এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’