স্বাক্ষর জাল করে টাকা আত্মসাতের অভিযোগ
রাজশাহীর বাগমারার শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল জলিলের বিরুদ্ধে পরিষদের সচিবের স্বাক্ষর জাল এবং প্রকল্প বাস্তবায়ন না করেই টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া তিনি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের নীতিমালা লঙ্ঘন করেছেন বলে জানা গেছে। এ বিষয়ে ওই ইউপির সদস্যরা গতকাল রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর অভিযোগ দিয়েছেন।
উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের (এলজিএসপি) আওতায় শুভডাঙ্গায় নয়টি প্রকল্প নেওয়া হয়। এ বছরের ১২ জানুয়ারি উপজেলা বিজিসিসি কমিটি তা অনুমোদন করে। স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে এগুলো বাস্তবায়নের জন্য মোট ১২ লাখ ৩৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে প্রথম দফায় পরিষদের হিসাবে ছয় লাখ ১৭ হাজার ৭৩০ টাকা জমা দেওয়া হয়।
ইউপির সচিব কামাল হোসেন জানান, এলজিএসপি প্রকল্প বাস্তবায়নের জন্য তাঁদের সোনালী ব্যাংক ভবানীগঞ্জ শাখায় একটি হিসাব নম্বর খোলা রয়েছে। চেয়ারম্যান, তাঁর (কামাল) ও সংরক্ষিত মহিলা সদস্য সাহেরা বানুর যৌথ স্বাক্ষরে ওই হিসাবটি খোলা হয়। কিন্তু চেয়ারম্যান তাঁর স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা তুলে নেন।
তবে সাহেরা বানু জানান, তাঁর স্বাক্ষর নেওয়া হলেও তিনি জানতেন না যে তা এলজিএসপির টাকা উত্তোলনের জন্য নেওয়া হয়েছিল।
জানা গেছে, চেয়ারম্যান চলতি মাসের প্রথম সপ্তাহে ব্যাংক থেকে ওই প্রকল্পের প্রথম কিস্তির টাকা তুলে নেন। টাকা খরচের জন্য যেসব প্রকল্প নেওয়া হয়েছে, তা বাস্তবায়ন বা কাজও শুরু করেননি চেয়ারম্যান। এ ছাড়া প্রকল্প বাস্তবায়নের জন্য কোনো নীতিমালাও মানা হয়নি। জনমতের ভিত্তিতে প্রকল্প গ্রহণ ও কোটেশনের মাধ্যমে তা বাস্তবায়নের নিয়ম থাকলেও তা করেননি চেয়ারম্যান।
ওই ইউনিয়নের তদারকি কর্মকর্তা উপজেলার স্থানীয় সরকার বিভাগের উপসহকারী প্রকৌশলী তোফাজ্জল হোসেন সরকার জানান, কোনো কোটেশন আহ্বান বা প্রকল্প বাস্তবায়ন করা হয়নি। প্রকল্পের কাজও শুরু হয়নি।
ওই ইউপির সদস্য শহিদুল ইসলাম, নাজিম উদ্দিন ও মাসুদ রানা অভিযোগ করেন, এলজিএসপির প্রকল্প নেওয়া হয়েছে বলে তাঁরা শুনলেও কোনো বাস্তবায়ন এখনো দেখেননি। এ বিষয়ে কিছু জানেনও না।
নাম প্রকাশে অনিচ্ছুক সোনালী ব্যাংক ভবানীগঞ্জ শাখার এক কর্মকর্তা জানান, শুভডাঙ্গার এলজিএসপি প্রকল্পের প্রথম কিস্তির টাকা ব্যাংক থেকে তুলে নেওয়া হয়েছে। সচিবের স্বাক্ষর জাল সম্পর্কে তিনি বলেন, স্বাক্ষর মিলে যাওয়ায় তাঁরা টাকা দিয়েছেন।
স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা উত্তোলনের কথা স্বীকার করে আবদুল জলিল বলেন, ‘আমি না বোঝার কারণে এমনটি হয়েছে।’
এলজিএসপি প্রকল্প বাস্তবায়নে উপজেলা বিজিসিসি কমিটির সভাপতি ও বাগমারার সাদেকুল ইসলাম জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।