স্বাক্ষর জাল করে বিএনপি নেতার বহিষ্কারাদেশ বিলির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে মানিকগঞ্জ জেলা বিএনপির নেতা তোজাম্মেল হকের বিরুদ্ধে ভুয়া বহিষ্কারাদেশ রটানোর অভিযোগ উঠেছে। তোজাম্মেল হক গতকাল বৃহস্পতিবার জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রফি ও শওকত জাহাঙ্গীর এবং সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আওলাদ হোসেন। লিখিত বক্তব্যে তোজাম্মেল হক অভিযোগ করেন, একদল অনুপ্রবেশকারী জেলা বিএনপির নেতৃত্বের দখল নিতে উঠেপড়ে লেগেছে। আবার কোনো কোনো নেতা সুবিধাবাদীদের সঙ্গে আপস করে নেতৃত্ব ধরে রাখার চেষ্টা করছেন।তোজাম্মেল হক বলেন, ‘সমাজের সাধারণ মানুষ থেকে দলকে বিচ্ছিন্ন করে ভোগবাদী চক্র গড়ে ওঠার প্রতিবাদ জানিয়েই বিগত নির্বাচনে মানিকগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। এ সুযোগ কাজে লাগিয়ে ষড়যন্ত্রকারীরা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’ তারা দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে তাঁকে (তোজাম্মেল) বহিষ্কার করার আদেশসম্পন্ন একটি চিঠি বিভিন্ন স্থানে বিলি করছে। অথচ তিনি নিজে কোনো বহিষ্কারাদেশ পাননি। প্রসঙ্গত, ২০০২ সালে মানিকগঞ্জ বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে কমিটি ভেঙে দেওয়া হয়। এর পর থেকে সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান ও দলের প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন পক্ষে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে জেলা বিএনপি। ২০০৪ সালে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হন তৎকালীন জেলা ছাত্রদলের সভাপতি তোজাম্মেল হক।