স্বাক্ষর শিখিয়ে বিশ্ব সাক্ষরতা দিবস পালন
রাজশাহীর গোদাগাড়ীর বরেন্দ্রভূমির বাবুডাইং আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গতকাল নিজ গ্রামসহ পাশের আরেকটি গ্রামের বয়স্ক মানুষজনকে স্বাক্ষর শিখিয়ে বিশ্ব সাক্ষরতা দিবস পালন করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানাই চন্দ্র দাস জানান, পঞ্চম ও চতুর্থ শ্রেণির ৩০ জন ছাত্রছাত্রী গতকাল বাবুডাইং এবং শান্তিপাড়া আদিবাসী গ্রামের ৩০ জন বয়স্ক নারী-পুরুষকে স্বাক্ষর করা শেখায়। স্বাক্ষর করা শিখে বাবুডাইং গ্রামের পাতানী মুরমু (৫০) দারুণ খুশি। তিনি বলেন, ‘গিদ্রি কোয়ারা (শিশুরা) আসে যখুন বুলল, তোকে নাম সহি করা শিখাব, তখন খুব হাসনু। বুলনু বুড়হাতিকালে এগলা শিখা আবার কী হোইবে। কিন্তু উরাতো নাচ্ছোরবান্দা, হামাকে ছাড়ল না। পোরেথমেতো কলমই ধরতে পারছিনু না। পরে কুনু রকমে শিখনু। এখুন খুব ভাল্লাগছে।’
‘বাবুডাইং আদিবাসী গ্রামের শিশুদের শিক্ষার ব্যবস্থা নেই’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ঢাকার এক সহৃদয় ব্যক্তির সহায়তায় ২০০৭ সালে বরেন্দ্রভূমির এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। পরে প্রথম আলো ট্রাস্টের আর্থিক সহায়তায় বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে।