স্বাক্ষরজ্ঞানীরাই সমর্থিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভায় ১৮ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে মেয়র পদপ্রার্থী হয়েছেন মোট ছয়জন। তাঁদের মধ্যে দলীয় সমর্থন পেয়ে নির্বাচন করছেন তিনজন। তাঁরা হলেন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তাহের, পৌর বিএনপির সভাপতি মঈন উদ্দীন ও জামায়াত থেকে মিরসরাই উপজেলা নায়েবে আমির ফজলুল করিম।বাকি তিনজন হলেন, এ এন এম সাহাব উদ্দীন, আলী আহছান ও বর্তমান মেয়র মো. জালাল উদ্দীন। তাঁদের মধ্যে জালাল উদ্দীন বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে ও আলী আহছান আওয়ামী লীগের ‘ডামি প্রার্থী’ হিসেবে এলাকায় পরিচিতি পেয়েছেন। প্রার্থীদের হলফনামা সূত্রে জানা গেছে, আওয়ামী লীগসমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ তাহের এবং বিএনপিসমর্থিত মেয়র পদপ্রার্থী মঈন উদ্দীন। শিক্ষাগত যোগ্যতার ঘরে তাঁরা লিখেছেন, ‘স্বাক্ষরজ্ঞানসম্পন্ন’। বড় দুটি দল থেকে মনোনয়ন পাওয়া দুই প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার এই হাল দেখে অনেক ভোটার হতবাক। বারইয়ারহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভোটার আবুল হোসেন জানান, শিক্ষাগত যোগ্যতায় তাঁদের থেকে অনেক ভালো প্রার্থী দুই দলেই ছিল। কিন্তু কেন, কী ভেবে স্বাক্ষরজ্ঞানসম্পন্ন দুই ব্যক্তিকে মেয়র পদপ্রার্থী করল, বড় দুটি দল, তা তিনি বুঝতে পারছেন না।পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মো. হোসেন বলেন, ‘যাঁদের শিক্ষার এই হাল, তাঁরা কীভাবে ক্রমবিকাশমান একটি বাণিজ্যিক পৌরসভার মেয়র নির্বাচিত হবেন! নির্বাচিত হলে কীভাবে তাঁরা শিক্ষার মান উন্নয়ন করবেন?’ ‘স্বাক্ষরজ্ঞানসম্পন্ন’ বলতে কী বুঝায়, এমন প্রশ্নের জবাবে মিরসরাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শরীফ বলেন, ‘যিনি শুধু স্বাক্ষর দিতে জানেন, কিন্তু পড়তে জানেন না, তাঁকেই স্বাক্ষরজ্ঞানসম্পন্ন বুঝব।’বারইয়ারহাট পৌরসভার বাকি প্রার্থীরা শিক্ষিত। বর্তমান মেয়র জালাল উদ্দীন বিকম এবং এ এন এম সাহাব উদ্দীন স্নাতক পাস, ফজলুল করিম স্নাতকোত্তর ও আলী আহছান এসএসসি পাস।