চট্টগ্রাম বোর্ডের অধীনে অনুষ্ঠেয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) এ বছর প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে ছবিযুক্ত প্রবেশপত্র, স্বাক্ষরপত্র ও পরীক্ষক নিয়োগ প্রক্রিয়া চালু করা হচ্ছে। এতে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভোগান্তি কমার পাশাপাশি অসদুপায় অবলম্বনের ঝুঁকিও কমে যাবে বলে ধারণা করা হচ্ছে।
আগামী ২ নভেম্বর থেকে জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বোর্ডে এ বছর জেএসসি পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৫২ হাজার ৩৬৮ জন।
চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পীযূষ দত্ত প্রথম আলোকে বলেন, ‘এবারের জেএসসি পরীক্ষায় প্রথমবারের মতো বেশ কিছু ডিজিটাল পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। আমরা ইতিমধ্যে কেন্দ্র সচিবদের কাছে ছবিসহ প্রত্যেক পরীক্ষার্থীর প্রবেশপত্র ও স্বাক্ষরপত্র অনলাইনে পাঠিয়ে দিয়েছি। কেন্দ্র সচিবই এগুলো সেখান থেকে ছেপে তাঁর অধীন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা নেবেন। এখন আর কোনো শিক্ষার্থীকে কোনো তথ্য হাতে লিখে দিতে হবে না। প্রবেশপত্র, নিবন্ধনপত্র (রেজিস্ট্রেশন কার্ড) ও স্বাক্ষরপত্রে ছবি থাকায় পরীক্ষায় প্রক্সি দেওয়ার সুযোগও আর থাকছে না। এ ছাড়া এ বছর থেকে পরীক্ষক নিয়োগের ক্ষেত্রে ডাকযোগে চিঠি পাঠানোর পরিবর্তে খুদে মুঠোফোন বার্তার মাধ্যমে (এসএমএস) তথ্য পাঠানোর ব্যবস্থা নিয়েছি।’
বোর্ড সূত্রে জানা যায়, আগে বিভিন্ন পরীক্ষার প্রবেশপত্র সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষককে বোর্ডে এসে সংগ্রহ করতে হতো। পরীক্ষার স্বাক্ষরপত্রের বিভিন্ন তথ্য পরীক্ষার্থীকে পূরণ করে দিতে হতো। কিন্তু এখন থেকে কাউকে আর বোর্ডে এসে প্রবেশপত্র নিতে হবে না। নিজ হাতে কোনো তথ্য পূরণের ঝামেলাও পোহাতে হবে না। বোর্ড কর্তৃপক্ষ প্রবেশপত্র ও স্বাক্ষরপত্রের যাবতীয় তথ্য পূরণ করে এবং তাতে পরীক্ষার্থীর স্ক্যান করা ছবি সংযুক্ত করে সরাসরি অনলাইনে পাঠিয়ে দিচ্ছে বিভিন্ন কেন্দ্র সচিবের ই-মেলে। তিনি তাঁর অধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছে এগুলোর ছাপানো কপি পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেবেন।
ঠিক যতজন পরীক্ষার্থী রয়েছেন, ততজনের হিসাবেই পাওয়া যাবে প্রবেশপত্র ও স্বাক্ষরপত্র। অতিরিক্ত কোনো কপি ছাপানোর সুযোগ নেই। বোর্ডের সফটওয়্যারে সেভাবেই ব্যবস্থা রাখা হয়েছে। কোনোটিতে ভুল হলে তা বোর্ডে এসে সংশোধন করিয়ে নিতে হবে।
প্রক্সির সুযোগ থাকছে না: পরীক্ষার্থীর প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, স্বাক্ষরপত্র তিনটিতেই অন্যান্য তথ্যের পাশাপাশি ছবি থাকছে। ফলে একজনের পরিবর্তে অন্যজন পরীক্ষায় বসার (প্রক্সি) কোনো সুযোগ আর থাকছে না নতুন পদ্ধতিতে।
পরীক্ষায় অংশ নেওয়ার ঝুঁকি কমছে: কেউ যদি পরীক্ষাকেন্দ্রে প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড আনতে ভুলে যান, তবু তাঁকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া যাবে। কারণ এ ক্ষেত্রে স্বাক্ষরপত্রের সঙ্গে থাকা ছবি ও ক্রমিক নম্বর মিলিয়ে নিলেই হবে।
ডিজিটাল পদ্ধতিতে পরীক্ষক নিয়োগ: বোর্ডের ই-টিআইএফ (ইলেকট্রনিক টিচারস ইনফরমেশন ফর্ম) তালিকা থেকে পরীক্ষক হিসেবে নিয়োগের জন্য ডাকে চিঠি পাঠানো হতো। এ বছরের জেএসসি পরীক্ষায় এ ক্ষেত্রে পরিবর্তন আনা হচ্ছে। এখন থেকে পরীক্ষক নিয়োগের তথ্য জানিয়ে দেওয়া হবে মুঠোফোনের খুদে বার্তার মাধ্যমে। এতে কোন বিষয়ের উত্তরপত্র, উত্তরপত্র নেওয়ার তারিখ ইত্যাদি বিষয় উল্লেখ থাকবে।