বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে স্বাগত জানাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজার অংশের প্রায় ৮৮ কিলোমিটারে তিন শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার ৪১ দিন পর খালেদা জিয়া আজ শনিবার চট্টগ্রাম থেকে সড়কপথে রামুর বৌদ্ধপল্লি পরিদর্শনে আসছেন।এর আগে খালেদা জিয়া চকরিয়া পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনালে দলীয় জনসভায় ভাষণ দেবেন।গত ২৯ সেপ্টেম্বর মধ্যরাতে উগ্র ধর্মান্ধ গোষ্ঠীর হামলা ও অগ্নিসংযোগে রামুর ১২টি প্রাচীন বৌদ্ধমন্দির ও ৪০টির বেশি বসতি ধ্বংস হয়। পরদিন উখিয়া ও টেকনাফে অগ্নিসংযোগ করা হয় সাতটি মন্দিরসহ আরও কয়েকটি বসতিতে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত প্রায় ৮৮ কিলোমিটার মহাসড়কে খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে তোরণ নির্মাণ করা হয়েছে তিন শতাধিক। এতে খরচ হয়েছে অন্তত কোটি টাকা।চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি মিজানুর রহমান চৌধুরী জানান, খালেদা জিয়ার আগমন উপলক্ষে দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা মহাসড়কের চকরিয়া অংশের ১৮ কিলোমিটারজুড়ে দুই শতাধিক তোরণ নির্মাণ করেছেন। নিজেদের টাকায় এসব তোরণ নির্মাণ করা হয়েছে। আবার চকরিয়া থেকে রামু পর্যন্ত সড়কে তৈরি করা হয়েছে আরও শতাধিক তোরণ। রামুর ‘সম্প্রীতি সমাবেশ’ চৌমুহনীর খিজারী আদর্শ উচ্চবিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হলেও চকরিয়ার সমাবেশটি হচ্ছে মহাসড়কের একেবারে পাশে, বাস টার্মিনাল মাঠে। ফলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় কয়েক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকবে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া জানান, যানবাহন চলাচলের বিকল্প অন্য কোনো সড়কও নেই। তারপর বিরোধীদলীয় নেত্রীর জনসভায় যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে, সে ব্যাপারে পুলিশ সতর্ক থাকবে।কক্সবাজার-৪ (সদর-রামু) আসনের সাংসদ লুৎফর রহমান জানান, খালেদা জিয়ার আগমনে কক্সবাজারের মানুষ জেগে উঠেছে। ঘটনার ৪১ দিন পরে এলেও রামুর মানুষ তাঁকে সম্মান জানাবে।