প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতির উদ্দেশে দেওয়া ভাষণকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। খবর বাসসের।
গতকাল শুক্রবার রাতে বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে দেওয়া ভাষণকে স্বাগত জানিয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, আওয়ামী ওলামা লীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, রমনা থানা মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতারা পৃথক পৃথক আনন্দ মিছিল বের করেন।
এ সময় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক, স্বেচ্ছাসেবক লীগ মহানগর দক্ষিণের সভাপতি দেবাশীষ বিশ্বাস, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার, ওলামা লীগের সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালী প্রমুখ উপস্থিত ছিলেন।