বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচনে ৫০টি জেলার ফলাফল পাওয়া গেছে। রাত সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অসমর্থিত সূত্রে পাওয়া এই ফলাফলে আওয়ামী লীগ-সমর্থক চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) প্রায় চার হাজার ভোটে এগিয়ে আছে। রাজধানী ঢাকাতেও স্বাচিপ এগিয়ে আছে। তবে ভোটের ব্যবধান কম।কারচুপির অভিযোগ তুলে নির্বাচনের এই ফলাফল প্রত্যাখ্যান করেছে বিএনপি-সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। ড্যাবের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন রাতে প্রথম আলোকে বলেন, ক্ষমতাসীন দলের নগ্ন হস্তক্ষেপে এই নির্বাচন সুষ্ঠু হয়নি। হাতেগোনা পাঁচ-ছয়টি জেলা ছাড়া অন্য সব জায়গায় ক্ষমতাসীন দলের চিকিৎসকেরা নির্বাচনে প্রভাব বিস্তার করেছেন। ড্যাব-সমর্থক ও নির্দলীয় চিকিৎসকদের মারধর পর্যন্ত করা হয়েছে। আজ বা কাল সংবাদ সম্মেলন করে পুরো বিষয়টি দেশবাসীকে জানানো হবে বলে জানান ড্যাব মহাসচিব।গতকাল সকাল থেকেই রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিএমএ ভবনে ভোট দিতে ভিড় জমান চিকিৎসকেরা। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।বিএমএ নির্বাচনে ৩২ হাজার ৮৯২ জন চিকিৎসক ভোটার ছিলেন। ঢাকাসহ বিএমএর মোট ৬৭টি শাখায় প্রার্থী নির্বাচনে ভোট দেন তাঁরা। সবচেয়ে বেশি ভোট ঢাকায়, ১৩ হাজার ৩৩৮টি। তবে দেশের বিভিন্ন স্থানে অনিয়ম হচ্ছে, এমন অভিযোগ করে মুঠোফোনে সাংবাদিকদের কাছে বেশ কিছু খুদে বার্তা পাঠান ড্যাবের কয়েকজন নেতা।খোঁজ নিয়ে জানা যায়, নির্বাচনের কারণে রাজধানীতে সকালে বেশ কিছু প্রতিষ্ঠানে সেবা দেওয়ার মতো চিকিৎসক ছিলেন না।ঢাকার বাইরে কয়েকটি স্থানে কিছু অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেছে।রাজশাহীতে নির্বাচন প্রভাবিত করার অভিযোগ: নিজস্ব প্রতিবেদক, রাজশাহী জানান, পর্যাপ্ত বুথ না করায় রাজশাহীতে ভোটারদের প্রকাশ্যে ভোট দিতে হয়েছে। এ ছাড়া নির্বাচনে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে। এ নিয়ে ড্যাবের নেতারা প্রধান নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ করেছেন।কুষ্টিয়ায় নির্বাচন স্থগিত: কুষ্টিয়া অফিস জানায়, সকাল ১০টার দিকে কুষ্টিয়ায় এই নির্বাচন স্থগিত করা হয়। বিএমএ নির্বাচন কমিশন সূত্র জানায়, সকাল নয়টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসে (ম্যাটস) শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়। ১৪৫ জন ভোটারের মধ্যে ১৩ জন ভোটারের ভোট দেওয়া হলে সকাল পৌনে ১০টার দিকে একজন ভোটার ব্যালট পেপারে দুটি পদে অসংগতি দেখেন। সহসভাপতি পদে দুজন ও সাধারণ সদস্য পদে ১০ জনকে ভোট দেওয়ার কথা থাকলেও ব্যালট পেপারে সহসভাপতি পদে একজন ও সাধারণ সদস্য পদে একজনকে ভোট দেওয়ার কথা বলা হয়েছে।জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মুদ্রণজনিত ভুলের কারণে এমন হয়েছে। পরে নির্বাচনের দিন ঘোষণা করা হবে। তবে বিএমএর কেন্দ্রীয় পদের ভোট গ্রহণ বিকেল পাঁচটা পর্যন্ত চলবে।’চট্টগ্রামে পাল্টাপাল্টি ধাওয়া: চট্টগ্রামে বিএমএর সাধারণ সম্পাদক পদের ফল ঘোষণা নিয়ে গতকাল রাত পৌনে একটার দিকে পুলিশ ও স্বাচিপের বিদ্রোহী প্রার্থী আ ম ম মিনহাজুর রহমানের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোট গণনার একপর্যায়ে বিদ্রোহী প্রার্থী মিনহাজুর রহমান ও স্বাচিপের প্রার্থী মোহাম্মদ শরীফের প্রাপ্ত ভোটের সংখ্যা সমান হয়ে যায়। শেষ ব্যালটটি গণনার সময় স্বাচিপ-সমর্থকেরা সেটি ছিঁড়ে ফেলে একটি বুথের সব ব্যালট নিয়ে যান। এ সময় নির্বাচন কমিশনার কাজী শফিকুল আলম সেখানে উপস্থিত ছিলেন।এ ঘটনার পরপরই মিনহাজুরের সমর্থকেরা চট্টগ্রাম নগরের জিইসি মোড়ে বিএমএ ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। কাজী শফিকুল আলম বলেন, ‘স্বাচিপ-সমর্থকেরা ব্যালট পেপার নিয়ে গেছেন। তবে তাঁরা ব্যালট পেপারটি ছিঁড়েছেন কি না, তা জানি না।’মিনহাজুরের দাবি, ‘আমি এক ভোটে জয়লাভ করেছি। স্বাচিপ আমার জয় ছিনিয়ে নিয়েছে।’