স্বাচিপ ও ড্যাব প্যানেলের প্রার্থী ‘বিতর্কিত’ সাত চিকিৎসক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা জেলা বিএমএ (বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন) নির্বাচনে স্বাচিপ ও ড্যাবের প্যানেল থেকে ‘বিতর্কিত’ কয়েকজন চিকিৎসক প্রার্থী হয়েছেন। উভয় প্যানেলের সাত চিকিৎসকের বিরুদ্ধে ভিন্নমতের চিকিৎসকদের বদলি, হয়রানি ও স্বজনপ্রীতি এবং আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। কাল বৃহস্পতিবার এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে উভয় প্যানেলের ২৩ জন করে মোট ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার রয়েছেন এক হাজার ১১৪ জন। সাধারণ চিকিৎসকেরা জানিয়েছেন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) প্যানেলের সভাপতি পদপ্রার্থী আবদুল বাকী আনিছ, সাধারণ সম্পাদক আজিজুর রহমান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন ভূঁইয়া ও কেন্দ্রীয় কমিটির সহসভাপতি পদপ্রার্থী (চট্টগ্রাম বিভাগ) মহসিনুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে বর্তমান সরকারের আমলে ভিন্নমতের চিকিৎসকদের বদলি, হয়রানি ও অনিয়মের অভিযোগ রয়েছে। একই সঙ্গে বিগত চারদলীয় জোট সরকারের আমলে অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে ড্যাবের (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) তিন প্রার্থীর বিরুদ্ধে। তাঁরা হলেন: ড্যাবের সভাপতি পদপ্রার্থী গোলাম মহিউদ্দিন, কোষাধ্যক্ষ মো. নজরুল ইসলাম ও সমাজকল্যাণ সম্পাদক মো. আরিফ হায়দার। জানা গেছে, স্বাধীনতা পদক পাওয়ায় গত ১ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্তকে সংবর্ধনা দেয় কুমিল্লা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ওই অনুষ্ঠানে বক্তব্য দিতে না পেরে স্বাচিপ প্যানেলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী রুহুল আমিন ভূঁইয়া কলেজের নাক, কান ও গলা বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম সরকারকে ওই দিন বেলা দুইটায় হাসপাতালে গিয়ে মারধর করেন। বিএমএর সভাপতি পদপ্রার্থী স্বাচিপ কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক আবদুল বাকী আনিছের বিরুদ্ধে ভিন্নমতের জ্যেষ্ঠ শিক্ষকদের বদলির অভিযোগ রয়েছে। একই অভিযোগ বিএমএর বর্তমান সাধারণ সম্পাদক আজিজুর রহমান সিদ্দিকীর বিরুদ্ধেও। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার ক্ষমতায় আসার পর কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসক মো. আবদুল লতিফকে দিনাজপুর মেডিকেল কলেজে; নাক, কান ও গলা বিভাগের সহযোগী অধ্যাপক হারুনুর রশিদকে ময়মনসিংহ মেডিকেল কলেজে; কমিউনিটি মেডিসিন বিভাগের বেলাল উদ্দিনকে রংপুর মেডিকেল কলেজে বদলি করা হয়। এ প্রসঙ্গে স্বাচিপের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএমএর সাধারণ সম্পাদক পদপ্রার্থী আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘চারদলীয় জোট সরকারের আমলে আমাকে সিরাজগঞ্জে বদলি করা হয়। স্বাচিপের জ্যেষ্ঠ চিকিৎসকদের হয়রানি করা হয়। আমরা কাউকে হয়রানি করিনি। আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।’ জানা যায়, স্বাচিপের কেন্দ্রীয় সহসভাপতি পদপ্রার্থী মহসিনুজ্জামান চৌধুরীর প্রভাব অনেক বেশি। তিনি তিন বছরের জ্যেষ্ঠ চিকিৎসক সরল কুমার সাহাকে ডিঙিয়ে সহযোগী অধ্যাপকের চলতি দায়িত্বে অধিষ্ঠিত হন। একই সঙ্গে বিভাগীয় প্রধানের দায়িত্বও পালন করেন। প্রভাব ও ক্ষমতা খাটিয়ে তিনি সরল কুমার সাহার স্ত্রী কুমিল্লা নগরের স্ত্রীরোগ বিশেষজ্ঞ মলিনা রানী কুন্ডুকে তিন মাস আগে লক্ষ্মীপুরে বদলি করেন। বিনা কারণে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জ্যেষ্ঠ সেবিকা জোবেদাকে সাময়িকভাবে বরখাস্ত করেন তিনি। তাঁর বিরুদ্ধে সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন নিয়োগ নিয়েও অনিয়মের অভিযোগ রয়েছে। ড্যাবের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিলুফার পারভীনকে ছয়বার বদলি করা হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজের ১৫তম ব্যাচের ইন্টার্নি ডক্টরস অ্যাসোসিয়েশন গঠন করতে দেয়নি স্বাচিপ। কারণ, ওই বর্ষে ড্যাব-সমর্থক চিকিৎসকের সংখ্যা বেশি ছিল। মহসিনুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে জামায়াতপন্থী চিকিৎসকদের সুবিধা দেওয়ার অভিযোগও রয়েছে। অভিযোগ প্রসঙ্গে মহসিনুজ্জামান চৌধুরী বলেন, ‘আমার বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য, বদলি ও অনিয়মের কোনো অভিযোগ নেই, বরং চারদলীয় জোট সরকারের আমলে ভিন্নমতের চিকিৎসকেরা হয়রানির শিকার হয়েছেন।’ এদিকে ড্যাবের সভাপতি পদপ্রার্থী চিকিৎসক গোলাম মহিউদ্দিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। জোট সরকারের আমলে চিকিৎসক সাহাব উদ্দিনকে তিনবার, কে এ মান্নান, ইউসুফ মজুমদার, হারুন অর রশিদ ও আজিজুর রহমান সিদ্দিকীকে কয়েক দফা বদলি করা হয়। নিয়োগ-বাণিজ্যের অভিযোগও রয়েছে। মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্মাণকাজ থেকে টাকা নিতেন তিনি। প্রতিষ্ঠিত পরামর্শকদের কাছ থেকে বিভিন্ন অনুষ্ঠানের নামে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। সেবিকা ও কর্মচারী বদলিতেও তাঁর প্রভাব ছিল বেশ। জানতে চাইলে গোলাম মহিউদ্দিন বলেন, ‘এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমাদের সময়ে দলমত-নির্বিশেষে কাজ হয়েছে। দমন-পীড়নে আমি বিশ্বাসী ছিলাম না। নির্বাচনে পরাজিত করার জন্য একটি মহল ওই ষড়যন্ত্র করছে।’ ড্যাবের কোষাধ্যক্ষ পদপ্রার্থী মো. নজরুল ইসলামের বিরুদ্ধে ডক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ৩৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। বিএনপিপন্থী চিকিৎসকেরা মিলে ২০১১ সালের মার্চ মাসে ওই সংগঠন করেন। সংগঠনের ৫০ সদস্যের ওই টাকা জমি কেনার নামে নেওয়া হলেও কম দামে জমি কিনে বেশি দাম দেখানো হয়। অভিযোগের ব্যাপারে নজরুল ইসলাম বলেন, ‘এগুলো বলার জন্য বলা হচ্ছে। ভোটের রাজনীতিতে এর কোনো প্রভাব পড়বে না। টাকার সব হিসাব আমার কাছে রয়েছে।’ অন্যদিকে ড্যাবের সমাজকল্যাণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আরিফ হায়দারের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। চারদলীয় জোট সরকারের আমলে কুমিল্লা মেডিকেল কলেজের ছাত্রদলের সভাপতি থাকাকালে মোহাম্মদ আরিফ ভিন্নমতের রাজনৈতিক দলের নেতা-কর্মীদের হয়রানি ও মারধর করেছেন। স্বেচ্ছাসেবী সংগঠন ‘সন্ধানী’র নেতৃত্ব নিজের কবজায় রেখে নিজ দলের নেতা-কর্মীদের হয়রানি করেছেন। ড্যাবের সাধারণ সম্পাদক পদপ্রার্থী নিলুফার পারভীন বলেন, ‘গত চার বছরে আমাকে ছয়বার বদলি করা হয়েছে। এখন কুমিল্লার লাকসামে আছি। এবার চিকিৎসকেরা এসব হয়রানির বিরুদ্ধে রায় দেবেন বলে আশা করি।’