স্বাচিপ চিকিৎসককে অপসারণের দাবিতে মিটফোর্ডে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের সরকার-সমর্থিত সংগঠন স্বাচিপের (স্বাধীনতা চিকিৎসক পরিষদ) সদস্য হারুন অর রশীদের অপসারণের দাবিতে হাসপাতালের সামনে গতকাল মঙ্গলবার মানববন্ধন করেছেন চিকিৎসকেরা।
হাসপাতাল সূত্র জানায়, গতকাল বেলা ১১টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সর্বস্তরের চিকিৎসকের ব্যানারে আয়োজিত মানববন্ধনে শতাধিক চিকিৎসক অংশ নেন। দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন করে পরে তাঁরা কাজে ফেরেন।
মানববন্ধনে অংশ নেওয়া চিকিৎসকেরা বলেন, হারুন অর রশীদ হাসপাতালের শল্য বিভাগের রেজিস্ট্রার হিসেবে কর্মরত আছেন। চিকিৎসকের মুখোশ পরে তিনি একের পর এক চিকিৎসককে পিটিয়েছেন। আড়াই মাস আগে শল্য বিভাগেরই এক নারী চিকিৎসককে পিটিয়ে ওয়ার্ড থেকে বের করে দিয়েছেন। এ নিয়ে তিনি চারজন চিকিৎসককে পেটালেন। এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করেছে। হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগের রেজিস্ট্রার কামরুল আহসান প্রথম আলোকে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে অপসারণ করা না হলে চিকিৎসকেরা কঠোর আন্দোলনে যাবেন।
হাসপাতাল সূত্র জানায়, গত ৪ মার্চ পূর্বশত্রুতার জের ধরে হারুন অর রশীদ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের নাক, কান ও গলা রোগের চিকিৎসক মাশুক মাহমুদকে মারধর করেন এবং তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন। এ ঘটনায় মাশুকসহ ওই হাসপাতালের ১৪ জন চিকিৎসক হাসপাতালের পরিচালকের কাছে বিচার চেয়ে আবেদন করেন।
১২ মে মিটফোর্ড হাসপাতালের ৮৩ জন চিকিৎসক হাসপাতালের পরিচালকের কাছে স্মারকলিপি দেন। এতে হারুন অর রশীদের অপসারণ দাবি করে বলা হয়, কমিশনের জন্য হারুন হাসপাতাল থেকে রোগী ক্লিনিকে ভাগান। তাঁর দুর্ব্যবহারে রোগী ও তাঁর সহকর্মীরা অতিষ্ঠ।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে হারুন অর রশীদ দাবি করেন, মাশুকের সঙ্গে শুধু কথা-কাটাকাটি হয়েছিল। শল্য বিভাগের রেজিস্ট্রার থেকে তাঁকে আবাসিক সার্জনের দায়িত্ব দেওয়া হলে একজন চিকিৎসকের বহিরাগত ১৫-২০ জন সন্ত্রাসী তাঁকে তুলে নিয়ে ছয় ঘণ্টা আটকে রাখে ও মারধর করে।
চিকিৎসকেরা অভিযোগ করেন, ১১ মে প্রভাব খাটিয়ে হারুন অর রশীদ হাসপাতালের শল্য বিভাগের আবাসিক সার্জন হিসেবে যোগ দিতে গেলে কয়েকজন চিকিৎসক তাঁকে বাধা দেন। এ নিয়ে তাঁর সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। তিনি হামলার শিকার হয়েছেন—এমন নাটক সাজাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ সাজানো ঘটনা বুঝতে পেরে তাঁকে ছাড়পত্র দিয়েছে। দুই-তিন দিন আগে হারুন অর রশীদ কোতোয়ালি থানায় হাসপাতালের কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে মিথ্যা মামলা করেন। তাঁরা ওই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।