স্বাচিপ নেতা একাই চার পদে
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের উপাধ্যক্ষ, তত্ত্বাবধায়ক ও অর্থোপেডিক বিভাগের প্রধানসহ তিনটি পদে একাই দায়িত্ব পালন করছিলেন তিনি। এর পরও অধ্যক্ষ পদে গতকাল শনিবার তাঁকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি অর্থোপেডিক বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও সহযোগী অধ্যাপক হামিদ আসগর। একই সঙ্গে তিনি আওয়ামী লীগ সমর্থিত চিকিত্সকদের সংগঠন স্বাধীনতা চিকিত্সক পরিষদের (স্বাচিপ) খুলনা জেলা শাখা কার্যকরী কমিটির জ্যেষ্ঠ সদস্য। খুমেক শিক্ষকদের অভিযোগ, কলেজে বর্তমানে ছয়জন অধ্যাপক থাকার পরও তাঁদের ডিঙিয়ে রাজনৈতিক বিবেচনায় একজন সহযোগী অধ্যাপককে অধ্যক্ষের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষকেরা জানান, মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে সাধারণত যেকোনো বিষয়ে পূর্ণাঙ্গ অধ্যাপক—এমন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়। কিন্তু হামিদ আসগর অর্থোপেডিকের সিনিয়র কনসালট্যান্ট এবং চলতি দায়িত্বে সহযোগী অধ্যাপক। পূর্ণাঙ্গ অধ্যাপক নন তিনি। এ ছাড়া তাঁর এফসিপিএস বা এমএস ডিগ্রি নেই। স্বাচিপের নেতা হওয়ার কারণে রাজনৈতিক বিবেচনায় তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে বলে শিক্ষকদের অভিযোগ।জানা যায়, গতকাল সকালে কলেজের অধ্যক্ষ কে পি সরকার আনুষ্ঠানিকভাবে হামিদ আসগরের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন। এ সময় একাধিক অধ্যাপক ও সহযোগী অধ্যাপক এবং প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দায়িত্ব পাওয়ার পর উপস্থিত ব্যক্তিদের মিষ্টিমুখও করানো হয়।এ বিষয়ে জানতে চাইলে কে পি সরকার প্রথম আলোকে বলেন, ‘অধ্যক্ষের পদ থেকে অব্যাহতি চেয়ে ৫ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদন করেছিলাম। মন্ত্রণালয় ওই আবেদন গ্রহণ করে অধ্যক্ষের দায়িত্ব উপাধ্যক্ষ হামিদ আসগরকে বুঝিয়ে দিতে বলেছে। আমি তা-ই করেছি। দায়িত্ব ছেড়ে দিয়ে এখন ভারমুক্ত হয়েছি।’অধ্যক্ষ হামিদ আসগর প্রথম আলোকে বলেন, অধ্যক্ষ হতে হলে অধ্যাপক হতে হবে এমন কোনো বিধিবিধান নেই। সহযোগী অধ্যাপক হিসেবে উপাধ্যক্ষের দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে। অধ্যক্ষ হিসেবে অতিরিক্ত এ দায়িত্ব সাময়িক। খুব শিগগির অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হবে। গুরুত্বপূর্ণ চারটি পদের দায়িত্ব একসঙ্গে পালনে কোনো অসুবিধা হবে না দাবি করে তিনি বলেন, শিগগিরই এর সমাধান করা হবে।