স্বাচিপ নেতাকে অপসারণ দাবিতে ছাত্রলীগের বিক্ষোভ
রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা গতকাল মঙ্গলবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে উপাধ্যক্ষ ও স্বাচিপের কলেজ শাখার সভাপতি এস আর তরফদারের অপসারণ দাবি করেন এবং উপাধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন।গতকাল দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি অশোক কুমার এবং সাধারণ সম্পাদক শাহ আলম সিদ্দিকী ওরফে লালনের নেতৃত্বে কলেজ ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের হয়। তাঁরা কলেজের উপাধ্যক্ষ, স্বাচিপের কলেজ শাখার সভাপতি ও কলেজের শিক্ষক সমিতির সভাপতি এস আর তরফদারের অপসারণ দাবি করে স্লোগান দেন এবং উপাধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন। একপর্যায়ে কলেজের অধ্যক্ষ এ বি এম আবদুল হান্নানের হস্তক্ষেপে তাঁরা ফিরে যান এবং তালা খুলে দেওয়া হয়।কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি অশোক কুমার প্রথম আলোকে বলেন, অনেক কষ্টে তাঁরা এই ক্যাম্পাসে ছাত্রলীগের একটি ইউনিট দাঁড় করিয়েছেন। তাঁদের মধ্যে ভাঙন ধরানোর চেষ্টা করছেন স্বাচিপের কিছু নেতা। তরফদার স্যার ঢাকায় বলে এসেছেন, রাজশাহী মেডিকেল কলেজে ছাত্রলীগ দুর্নীতি করছে। তিনি বলেন, ছাত্রলীগের নেতারা দুর্নীতি করলে তাঁরা রিকশায় চড়ে ঘুরে বেড়াতেন না। একটা গাড়ি কিনতে পারতেন। তিনি অভিযোগ করে বলেন, উপাধ্যক্ষ চক্ষু বিভাগের সরঞ্জাম কেনার চার কোটি টাকার দরপত্রে দুর্নীতি করছেন। এ ঘটনার তদন্ত করতে হবে।তবে নাম প্রকাশ না করার শর্তে ছাত্রলীগের কয়েকজন সাধারণ কর্মী জানান, স্বাচিপের রাজশাহী মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক মুহিবুল হাসান একাই অনেকগুলো প্রশাসনিক পদ দখল করে আছেন। পত্রপত্রিকায় লেখার পরে এ বিষয়ে তদন্ত হয় এবং তাঁকে অতিরিক্ত পদগুলো ছেড়ে দিতে বলা হয়েছে। তিনি দায়িত্ব ছেড়ে দিলেই হয়তো এস আর তরফদার দায়িত্ব পাবেন। তাই তরফদারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনা হচ্ছে। তাঁরা বলেন, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক শিক্ষক মুহিবুল হাসানের অত্যন্ত ঘনিষ্ঠ।উপাধ্যক্ষ এস আর তরফদার বলেন, ‘আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ছাত্রলীগকে আমার বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে।’ তিনি বলেন, ‘আমার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ একেবারেই অমূলক ও মিথ্যা। তদন্ত করলেই সত্য বের হয়ে আসবে।’কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ আলম সিদ্দিকী বলেন, ‘কোনো শিক্ষকের সঙ্গে আমাদের যোগাযোগ নেই। ছাত্রলীগের বিরুদ্ধে কুৎসা রটানোয় আমরা বিক্ষোভ করেছি।’ এ ব্যাপারে কথা বলার জন্য গতকাল বিকেলে মুহিবুল হাসানের মুঠোফোনে যোগাযোগ করলে অপর প্রান্ত থেকে বলা হয়, তিনি অস্ত্রোপচারে ব্যস্ত।