স্বাচিপ নেতাকে নিয়ে ফের সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সহকারী পরিচালক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতা মহিবুল হাসানকে নিয়ে নতুন সংকটে পড়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। একাধিক দায়িত্বে থাকা এবং প্রশাসনিক কাজে সময় না দেওয়ার অভিযোগে তাঁকে প্রত্যাহার করার জন্য মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন পরিচালক।গত সোমবার বিকেলে নগরের লক্ষ্মীপুর মোড় থেকে এলাকাবাসীর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল থেকে মেডিকেল কলেজের অধ্যক্ষ এ বি এম আবদুল হান্নান ও সহকারী পরিচালক স্বাচিপ নেতা মহিবুল হাসানের অপসারণ দাবি করা হয়। অন্যদিকে, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল আলম সিদ্দিকীর অপসারণের দাবিতে ওই দিন দুপুরে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ অবস্থায় হাসপাতালের প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।বর্তমানে হাসপাতালের সহকারী পরিচালকের দায়িত্বে রয়েছেন সার্জারি বিভাগের ৪ নম্বর ইউনিট-প্রধান সহকারী অধ্যাপক (চলতি দায়িত্ব) মহিবুল হাসান। পাশাপাশি তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক, শিক্ষক সমিতির রাজশাহী মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক এবং মেডিকেল কলেজ দরপত্র কমিটির সদস্য সচিব। এর আগে তিনি আরও দুটি দায়িত্বে ছিলেন। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে লেখালেখি হলে গত বছর তিনি একটি পদ ছেড়ে দেন এবং কর্তৃপক্ষ অন্য একটি পদ থেকেও তাঁকে অব্যাহতি দেয়।অভিযোগ উঠেছে, মহিবুল হাসান দায়িত্বে থাকলেও প্রশাসনিক কাজে সহযোগিতা করেন না। নিজের খেয়ালখুশিমতো চলাফেরা করেন এবং অফিসও করেন একইভাবে। গত ফেব্রুয়ারিতে হাসপাতালের সমন্বয় কমিটির তিনটি সভার একটিতেও তিনি উপস্থিত থাকেননি। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আশরাফুল আলম সিদ্দিকী ২২ ফেব্রুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর এক চিঠিতে লেখেন, মহিবুল হাসান সার্জারি বিভাগের ৪ নম্বর ইউনিটের প্রধান। একই সঙ্গে হাসপাতালের সহকারী পরিচালকের দায়িত্বে থাকায় রোগীদের সেবা কার্যক্রম, শিক্ষার্থীদের লেখাপড়ার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং হাসপাতালের প্রশাসনের কাজের গতিশীলতা বিঘ্নিত হচ্ছে। এ ছাড়া প্রশাসনের কার্যক্রমে জটিলতাও সৃষ্টি হচ্ছে। এ জন্য তাঁকে জরুরিভাবে প্রশাসনিক পদ থেকে অব্যাহতি দেওয়া দরকার। আশরাফুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতাল প্রশাসনে একজন দক্ষ প্রশাসনিক কর্মকর্তা দরকার।তবে মহিবুল হাসান জানান, পরিচালক তাঁকে কোনো কাজ করতে দেন না। এ জন্য কাজের গতিশীলতা বিঘ্নিত হচ্ছে। তিনি অভিযোগ করে বলেন, হাসপাতালের সমন্বয় কমিটির সভার বিষয়ে তাঁকে জানানো হয় না।