স্বাচিপ নেতাদের আন্দোলনে সিভিল সার্জন বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ শাখা বিএমএ ও স্বাচিপ নেতাদের আন্দোলনের মুখে গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহের সিভিল সার্জনকে অন্যত্র বদলি করা হয়েছে। তিনি ময়মনসিংহে সিভিল সার্জন হিসেবে যোগ দেওয়ার পর থেকে চিকিৎসক নেতারা বিরোধিতা করে আসছিলেন।
হাসপাতাল ও সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি চিকিৎসক হাবিবুল্লাহ্ ময়মনসিংহের সিভিল সার্জন হিসেবে যোগ দেন। গত বুধবার তিনি দায়িত্ব বুঝে নিয়ে নিজ কার্যালয়ে বসার পরপরই একদল যুবক এসে তাঁকে হুমকি দিয়ে ময়মনসিংহ থেকে চলে যেতে বলে। একপর্যায়ে তাঁরা সিভিল সার্জন কার্যালয়ে ভাঙচুর করে কক্ষে তালা দেন। এরপর গতকাল আকসিঞ্চকভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ধর্মঘটের ডাক দেন বিএমএ ও স্বাচিপ নেতারা। এতে হাসপাতালের বহির্বিভাগের কার্যক্রম বন্ধ হয়ে যায়। জরুরি চিকিৎসাসেবা চালু থাকলেও যথাযথ চিকিৎসা না পেয়ে রোগীরা চরম ভোগান্তির শিকার হন।
সিভিল সার্জন হাবিবুল্লাহ্ জানান, গতকাল বিকেলে মন্ত্রণালয় থেকে বদলিসংক্রান্ত নির্দেশ তিনি পেয়েছেন।
ময়মনসিংহ বিএমএর সাধারণ সম্পাদক মতিউর রহমান ভূঁইয়া বলেন, বিতর্কিত এ সিভিল সার্জনকে বদলি না করায় বাধ্য হয়ে তাঁরা হাসপাতালে দুপুর ১২টা পর্যন্ত ধর্মঘট পালন করেন। হাবিবুল্লাহকে প্রত্যাহারের বিষয়টি তাঁরা জেনেছেন।