প্রশাসনিক জটিলতা সৃষ্টির গুরুতর অভিযোগ থাকায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে বদলি করা হয়েছিল। সক্রিয় এই জামায়াতকর্মী আবদুল কাদের সম্প্রতি আবারও রামেক হাসপাতালে যোগ দিয়েছেন। তাঁকে নিয়োগের জন্য সুপারিশ করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সেই বিতর্কিত নেতা মহিবুল হাসান।এমএলএসএস পদে যোগ দেওয়া আবদুল কাদের পরবর্তী সময়ে সরদার পদে পদোন্নতি পান। চারদলীয় জোট সরকারের আমলে তিনি চতুর্থ শ্রেণীর কর্মচারী সমিতির আঞ্চলিক ইউনিটের সাধারণ সম্পাদক হন। অভিযোগ রয়েছে, তাঁর ক্ষমতার দাপটে প্রশাসনের কর্মকর্তারা সব সময় তটস্থ থাকতেন। অবশেষে গত তত্ত্বাবধায়ক সরকারের সময় তৎকালীন পরিচালক ২০০৭ সালের ৩ মে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করেন।গত ২৬ মে আবদুল কাদের রংপুর থেকে বদলি নিয়ে আবার রামেক হাসপাতালে যোগদান করতে আসেন। কিন্তু তাঁর অতীত কর্মকাণ্ডের কারণে হাসপাতালের তৎকালীন পরিচালক আশরাফুল আলম সিদ্দিকী যোগদানপত্র গ্রহণ না করে তাঁর বদলির আদেশ বাতিল করার জন্য গত ৬ জুন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি চিঠি দেন। এতে বলা হয়, ‘আবদুল কাদেরকে এর আগে প্রশাসনিক কারণে রামেক হাসপাতাল থেকে বদলি করা হয়েছিল। তাঁকে আবার এখানে যোগদান করানো হলে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া ও প্রশাসনিক কাজে জটিলতা সৃষ্টি হবে। এ ছাড়া তিনি জামায়াতের একজন সক্রিয় সদস্য।’চিঠিতে আরও উল্লেখ করা হয়, রামেক হাসপাতালে সরদার বা জমাদারের কোনো পদ শূন্য নেই। ইতিমধ্যে পদোন্নতির জন্য কর্মচারীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে। এ অবস্থায় আবদুল কাদেরকে ওই পদে যোগদান করানো হলে পদোন্নতিবঞ্চিত কর্মচারীদের হতাশার কারণে প্রশাসনিক কাজে স্থবিরতা দেখা দেবে।জুলাইয়ের শুরুতে পরিচালক আশরাফুল আলম সিদ্দিকী বদলি হওয়ার পরপরই রামেক স্বাচিপের সাধারণ সম্পাদক ও হাসপাতালের সহাকারী পরিচালক (প্রশাসন) মহিবুল হাসান আবদুল কাদেরের যোগদানপত্রটি গ্রহণের জন্য সুপারিশ করেন। বদলি আদেশ পাওয়ার পর এক মাস ১৮ দিন পর্যন্ত যোগদান না করায় তাঁকে নিয়ে প্রশাসনিক জটিলতা সৃষ্টি হয়েছে। তিনি গত জুন মাসের বেতন-ভাতা ওঠাতে পারেননি। জানতে চাইলে আবদুল কাদের বলেন, তিনি সক্রিয় রাজনীতি করেন না। সংগঠনের নেতা থাকার সময় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রশাসনকে ছাড় দেননি। তিনি এখানে থাকায় কিছু দুর্নীতিবাজ কর্মকর্তার ক্ষতি হয়েছিল বলে ষড়যন্ত্র করে বদলি করা হয়েছিল। পরিচালক আশরাফুল আলম সিদ্দিকী অজ্ঞাত করণে তাঁর যোগদানপত্র গ্রহণ করেননি বলে মন্তব্য করেন তিনি। হাসপাতালের কর্মচারী সমিতির আঞ্চলিক ইউনিটের বর্তমান সাধারণ সম্পাদক আছির উদ্দিন বলেন, কাদেরের যোগদানের কারণে কর্মচারীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। আগের পরিচালক ফিরিয়ে দেওয়ার পরও মহিবুল সাহেব স্বাচিপ নেতা হয়ে কীভাবে কাদেরের যোগদানপত্র গ্রহণ করেছেন—এ নিয়ে তাঁরা বিস্মিত। এ ব্যাপারে মহিবুল হাসানের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ধরেননি। কয়েক দিন আগে তাঁর ওপরে হামলার জের ধরে নিজের সমর্থক রামেক ছাত্রলীগের বাহিনী দিয়ে স্থানীয় ছাত্রলীগের কার্যালয় ভাঙচুরের অভিযোগে তাঁর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাঁকে স্বাচিপ থেকেও বহিষ্কারের সুপারিশ করা হয়েছে।