স্বাচিপ বিজয়ী হতে যাচ্ছে ড্যাবের ফল প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নির্বাচনে সরকার-সমর্থক বলে পরিচিত স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সমর্থিত প্যানেল বিজয়ী হতে যাচ্ছে। মোট ৬৭টি কেন্দ্রের মধ্যে ৪৪টি কেন্দ্রের ফল যোগ করে এই আভাস পাওয়া গেছে।৪৪টি কেন্দ্রের ফল অনুযায়ী স্বাচিপের সভাপতি প্রার্থী মাহমুদ হাসান পেয়েছেন ১১ হাজার ৪৮২ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) এ কে এম আজিজুল হক পেয়েছেন ছয় হাজার ৩০৮ ভোট।অন্যদিকে স্বাচিপের মহাসচিব প্রার্থী ইকবাল আর্সলান পেয়েছেন ১০ হাজার ৬৫২ ভোট। প্রতিদ্বন্দ্বী ড্যাবের প্রার্থী এ জেড এম জাহিদ হোসেন পেয়েছেন ছয় হাজার ৭৩১ ভোট। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় বিএমএ ভবনে আয়োজিত নির্বাচনের সর্বশেষ ফলাফল জানাতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সভাপতি আবদুর রহমান খান এসব তথ্য জানান। তিনি বলেন, ৪০ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে স্বাচিপ প্রার্থীরা এগিয়ে আছেন।এদিকে ড্যাব নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে। তবে কারচুপি ও অস্বচ্ছতার অভিযোগ অস্বীকার করেছে নির্বাচন কমিশন। কমিশন বলেছে, যথাযথভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।২৯ নভেম্বর নির্বাচনের পর রাত সাড়ে ১২টার সময় ফল প্রত্যাখ্যান করে ড্যাব। এ জেড এম জাহিদ হোসেন অভিযোগ করেন, একাধিক জেলায় ড্যাবপন্থী চিকিৎসকদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে, মারধর করা হয়েছে। কিছু ক্ষেত্রে জেলা সিভিল সার্জনরা স্বাচিপকে ভোট দিতে চিকিৎসকদের চাপ দিয়েছেন। অনেক স্থানে প্রকাশ্যে ভোট দেওয়া হয়েছে।এসব অভিযোগ সম্পর্কে আবদুর রহমান খান বলেন, প্রতিটি জেলার সিভিল সার্জনরা জানিয়েছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে। এ ছাড়া ড্যাবের পক্ষ থেকে লিখিত কোনো অভিযোগ নির্বাচন কমিশনের কাছে করা হয়নি। সিভিল সার্জনদের বরাত দিয়ে তিনি দাবি করেন, ময়মনসিংহে ভোট দানে বাধা দেওয়া হয়নি। চট্টগ্রামে নির্বাচন যথাযথ হয়েছে। ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের অন্য চার সদস্যসহ স্বাচিপের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হাবিবে মিল্লাত, বিএমএর বর্তমান মহাসচিব ও স্বাচিপের কেন্দ্রীয় কমিটির নেতা শারফুদ্দিন আহমেদসহ এই নির্বাচনের একাধিক স্বাচিপ প্রার্থী উপস্থিত ছিলেন।সাংবাদিকদের জানানো হয়, অবশিষ্ট ২৩টি শাখায় ভোটার আট হাজার ৩৬৬। এসব শাখাতেও ভোটের ধরন একই। আজ শনিবার বিকেল সাড়ে চারটায় সংবাদ সম্মেলন করে পূর্ণ ফলাফল জানাবে নির্বাচন কমিশন।ড্যাবের কেন্দ্রীয় কমিটি এই ফলাফল প্রত্যাখ্যান করলেও সংগঠনটির একটি অংশ মনে করে, ফলাফল এ রকমই হওয়ার কথা ছিল। এই অংশটি নির্বাচনের আগে থেকে একাধিক সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। নতুন নেতাদের নিয়ে কেন্দ্রীয় কমিটি ঘোষণার প্রস্তুতিও নিয়েছে এই অংশটি।