স্বাচিপের নির্বাচন হয়নি, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষা
বিবদমান দুটি পক্ষ মতৈক্যে পৌঁছাতে না পারায় সব প্রস্তুতি থাকলেও গতকাল শুক্রবার স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নতুন নেতৃত্বের জন্য নির্বাচন হয়নি। সংগঠনের নেতারা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দেবেন, তাঁরা তা মেনে নেবেন।
এবার স্বাচিপের সভাপতি পদে মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন মোস্তফা জালাল মহিউদ্দিন ও সংগঠনের সাবেক মহাসচিব এম ইকবাল আর্সলান। ভোটার তালিকা ত্রুটিপূর্ণ—এই অভিযোগে মোস্তফা জালাল মহিউদ্দিনের অনুসারীরা নির্বাচন চাইছিলেন না। তাঁরা প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত চাইছিলেন।
স্বাচিপ সূত্র বলেছে, বেলা দুইটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বার্ষিক সাধারণ সভা শুরুর কথা থাকলেও সভাপতি আ ফ ম রুহুল হক উপস্থিত ছিলেন না। বেলা আড়াইটার দিকে তাঁকে ছাড়াই সভা শুরু হয়। একপর্যায়ে মোস্তফা জালাল মহিউদ্দিন মঞ্চে এসে সভা বন্ধ করতে বলেন। একপর্যায়ে মাইকও বন্ধ করে দেওয়া হয়। কয়েক শ চিকিৎসক এ সময় মঞ্চে অবস্থান নেন এবং মোস্তফা জালাল মহিউদ্দিনকে মঞ্চ থেকে সরিয়ে দেন। পরে সভাটি সোহরাওয়ার্দী উদ্যানে স্থানান্তর করা হয়। রুহুল হক সোহরাওয়ার্দী উদ্যানে এসে মঞ্চে উঠে সভা শেষ এবং আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
স্বাচিপের সাবেক মহাসচিব ইকবাল আর্সলান বলেন, ‘নেত্রী যে সিদ্ধান্ত দেবেন, আমরা তাই মেনে নেব।’