স্বাচিপের নেতার কাণ্ড!
স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) নাটোর শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মুন্সি (৪২) ৭৩ বছর বয়সী এক বৃদ্ধ কর্মকর্তাকে মারধর করেছেন। ওই বৃদ্ধের নাম এ কে এম নজরুল ইসলাম। তিনি নাটোর ডায়াবেটিক হাসপাতালের তত্ত্বাবধায়ক।জানা গেছে, নজরুল ইসলাম গতকাল সোমবার দুপুরে নাটোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও স্বাচিপের নেতা আসাদুজ্জামানকে সালাম না দিলে এ ঘটনা ঘটে।নাটোর সদর থানা সূত্রে জানা যায়, আসাদুজ্জামান গতকাল দুপুরে নাটোর ডায়াবেটিক হাসপাতালের সামনে একটি মোটরসাইকেলে বসে চা পান করছিলেন। এ সময় নজরুল ইসলাম তাঁর সামনে দিয়ে হাসপাতালের ভেতরে যান। সঙ্গে সঙ্গে আসাদুজ্জামান হাসপাতালের ভেতরে গিয়ে তাঁকে সালাম না দিয়ে ভেতরে ঢোকার কারণ জানতে চান। কোনো উত্তর দেওয়ার আগেই আসাদুজ্জামান ওই বৃদ্ধকে এলোপাতাড়ি চড়-থাপড় মারেন। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, বৃদ্ধ কর্মকর্তাকে মারধরের ঘটনাটি তদন্ত করা হবে।