ছাত্রলীগের বাধার কারণে গতকাল বুধবার সকাল ১০টায় খুলনা মেডিকেল কলেজের লেকচার গ্যালারিতে বিএমএর নির্বাচনে স্বাচিপ-সমর্থিত প্যানেল পরিচিতি সভা আড়াই ঘণ্টা ধরে বন্ধ থাকে। পরে স্থান পরিবর্তন করে সভা করা হয়েছে। বাধাদানকারী শিক্ষার্থী, প্রত্যক্ষদর্শী ও চিকিৎসক নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিএমএ নির্বাচনে স্বাচিপ-সমর্থিত মাহমুদ হাসান ও এম ইকবাল আর্সানাল পরিষদের প্যানেল পরিচিতি উপলক্ষে ওই লেকচার গ্যালারিতে এক সভা আহ্বান করা হয়। সভার শুরুতেই মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতাদের নেতৃত্বে একদল শিক্ষার্থী সেখানে গিয়ে সভা বন্ধের দাবিতে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে সভা কলেজের সম্মেলনকক্ষে স্থানান্তর করা হয়। কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই কক্ষের বাইরে থেকে তালা লাগিয়ে দেন এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেন। এ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ায় সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পরিচিতি সভা বন্ধ থাকে। একপর্যায়ে ঢাকা থেকে আসা স্বাচিপের মহাসচিব এম ইকবাল আর্সানালের সঙ্গে ক্ষুব্ধ শিক্ষার্থীদের আলোচনা হয়। শেষে দুপুর সাড়ে ১২টায় স্বাচিপ নেতারা সম্মেলনকক্ষে তাঁদের সভা করেন। ছাত্র ইমরুল হাসান বলেন, ‘মেডিকেল কলেজে সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বন্ধ থাকার কথা বলে আমাদের লেকচার গ্যালারি বা সম্মেলনকক্ষে সভা করতে দেওয়া বা অন্য কোনো সুযোগ-সুবিধা দেওয়া হয় না। কিন্তু কলেজ প্রশাসন স্বাচিপকে সেসব সুযোগ আজ দেওয়ায় আমরা সব ছাত্ররা প্রতিবাদ করেছি।’ প্রত্যক্ষদর্শী এক ইন্টার্নি চিকিৎসক নাম প্রকাশ না করে বলেন, ‘স্বাচিপের সভা শুরু হলে ছাত্রলীগের ছেলেরা সেখানে গিয়ে তালা ঝুলিয়ে দেন। ছাত্রদের সঙ্গে নেতাদের আলোচনার দুই ঘণ্টা পর তাঁরা সভা করেছেন।’ স্বাচিপের খুলনা শাখার সভাপতি বাহারুল আলম বলেন, লেকচার গ্যালারিতে পরিচিতি সভার শুরুতে ছাত্রলীগের ছেলেরা হঠাৎ করে এসে তাঁদের দাওয়াত না দেওয়ায় ক্ষুব্ধ ও অপমানিত বোধ করে প্রতিবাদ জানাতে থাকেন।’ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন বলেন, ‘একটি চক্র সেখানে সভা করতে দেয়নি। আমরা প্রশাসনের পক্ষপাতদুষ্ট আচরণের প্রতিবাদ করেছি।’ এম ইকবাল আর্সানাল বলেন, ‘ছেলেরা কলেজ প্রশাসনের ওপর ক্ষুব্ধ হয়ে আমাদের প্যানেল পরিচিতি সভায় বাধা দেয়। আলোচনা শেষে আমরা সভা করেছি।’