স্বাচিপের শোকসভায় নেতাদের নানা কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত শোক দিবসের আলোচনায় চিকিৎসকদের হাজিরা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সামনেই গতকাল বৃহস্পতিবার বিতর্কে জড়িয়ে পড়েন চিকিৎসক নেতারা। ঢাকা মেডিকেল কলেজের শহীদ শামসুল আলম খান মিলনায়তনে এ ঘটনা ঘটে।
বিতর্কের সূত্রপাত করেন সাংসদ হাবিবে মিল্লাত। তিনি শ্লেষের সঙ্গে বলেন, ‘দুঃখ লাগে আজকে ঢাকা মেডিকেল কলেজের এই শোক দিবসের অনুষ্ঠানে দেড় শ জন চিকিৎসক আছেন কি না সন্দেহ। অথচ ঢাকা শহরে স্বাচিপের ২০টি শাখা আছে।’
উপস্থিতি নিয়ে সমালোচনার মুখে স্বাচিপের সভাপতি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, ‘উপস্থিতি আরেকটু বেশি হলে ভালো হতো। ঝড়-বৃষ্টির জন্য অনেকে আসতে পারেননি।’ আরও পরে বক্তব্য রাখার কথা থাকলেও সাতক্ষীরায় যাওয়ার কথা বলে তিনি আগে বক্তব্য দেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে তাঁকে সাতক্ষীরা যেতেই হবে। প্লেনের টিকিট কাটা আছে।
এ সময় মঞ্চের সামনের সারিতে বসে থাকা স্বাচিপ নেতাদের অনেককেই হাসতে দেখা যায়।
আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া এরপর বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে ঐক্য থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন।
পুরো অনুষ্ঠানে সমালোচনার কোনো জবাব দেননি স্বাচিপের মহাসচিব এম ইকবাল আর্সলান। তিনি সবাইকে বঙ্গবন্ধুর আদর্শ অন্তরে ধারণ, লালন ও প্রস্ফুটিত করার আহ্বান জানান।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত বলেন, ‘বঙ্গবন্ধু বলেছিলেন মহৎ কিছু অর্জনের জন্য মহান কিছু ত্যাগ করা প্রয়োজন। সবাইকে এই ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের জন্য অডিটরিয়ামে এর চেয়ে বেশি সৈনিকের দরকার নেই।’
নেতারা যখন একজন অন্যজনকে খোঁচা দিয়ে কথা বলছিলেন, তখন চিকিৎসকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাবেক একজন নেতা বলেন, ‘অডিটরিয়াম তো ছাত্রলীগের ছেলেরা ভরে রেখেছে। চিকিৎসক তো নেই-ই। অনেক দিন ধরে সংগঠনের কাউন্সিল না হওয়ায় এ অবস্থা। কেউ কারও কথা মানতে চায় না।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম বলেন, ৫ জানুয়ারির নির্বাচন না হলে দেশে মার্শাল ল হতো। কেউ তখন আর কাজ করতে পারত না।
নাসিম প্রশ্ন তোলেন, ‘সংবিধানের কোথায় লেখা আছে যে কত পার্সেন্ট ভোট না পড়লে ভোট হবে না?’ তিনি আরও বলেন, ‘বিএনপি কি বলল তাতে কিছু আসে-যায় না। আমরা কাজ করে যাব। ২০১৯ সালের নির্বাচনে জনগণ যদি রায় দেয় আবার সরকার গঠন করব।’
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, অ্যাডহক চিকিৎসক যাঁরা দুই বছর গ্রামে থেকেছেন, তাঁদের গ্রাম থেকে নিয়ে আসা হবে। তাঁদের জায়গায় নতুন নিয়োগ পাওয়া ছয় হাজার ২৫১ জন দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক প্রমুখ।