স্বাচিপের সব কর্মীকে পদোন্নতির আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সব কর্মীকে পর্যায়ক্রমে পদোন্নতি দেওয়ার আশ্বাস দিয়েছেন। গতকাল মঙ্গলবার আওয়ামী লীগ-সমর্থিত চিকিৎসকদের এই সংগঠনের অষ্টাদশ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এই আশ্বাস দেন।ঢাকা মেডিকেল কলেজের ডা. মিলন মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাচিপের সভাপতি রুহুল হক বলেন, ‘আমার ছেলেমেয়েকে তো পদোন্নতি দেওয়ার কোনো বিষয় নেই। আমি শুধু আপনাদের জন্যই করব। আগামী বছর নাগাদ যোগ্যতা আছে পদোন্নতি পাননি, এমন লোক খুঁজে পাওয়া যাবে না।’ অনুষ্ঠানে আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া বলেন, ‘মন্ত্রণালয়ে একজন যুগ্ম সচিব আছেন। তিনিই ঠিক করেন কে আওয়ামী লীগ করেন, কে করেন না। মন্ত্রীর পক্ষে সবকিছু খেয়াল রাখা সম্ভব নয়। আপনারা সবাই চোখ-কান খোলা রাখবেন।’ স্বাচিপের মহাসচিব এম ইকবাল আর্সলান বলেন, স্বাচিপের নেতা-কর্মীদের প্রাপ্তি ও আকাঙ্ক্ষার মধ্যে ঘাটতি থেকে যাচ্ছে। ঘাটতি পূরণের চেষ্টা চলছে। তিনি বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে ব্যক্তিগত আকাঙ্ক্ষার ঊর্ধ্বে উঠে কাজ করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান। সংগঠনের ঢাকা মেডিকেল কলেজ শাখার আহ্বায়ক দেবেশ চন্দ্র তালুকদার বলেন, যাঁরা অতীতে সুযোগ-সুবিধা পেয়েছেন, তাঁরাই এখনো সব পাচ্ছেন। এভাবে চললে পরে স্বাচিপ অফিসে বাতি দেওয়ার লোক পাওয়া যাবে না। সংগঠনের রাজশাহী বিভাগের আহ্বায়ক তবিবুর রহমান বলেন, বিরোধীদলীয় নেতা সব কর্মকর্তাকে অসহযোগ করার ডাক দিয়েছেন। অনেক চিকিৎসক সেই ডাকে সাড়া দিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকছেন। রাজশাহী মেডিকেল কলেজে তিন থেকে ছয় মাস অনুপস্থিত থেকেও একেকজন চিকিৎসক তদবির করে পদোন্নতি পেয়েছেন। স্বাচিপের কর্মীরা হাসপাতালগুলোতে ‘স্বাচিপবান্ধব’ পরিবেশ নিশ্চিত করতে নেতাদের সহযোগিতা চান। নেতারা কর্মীদের বলেন, যুদ্ধাপরাধের বিচারে জনমত গঠন করাসহ সরকারের বিভিন্ন সাফল্যের কথা প্রচারের উদ্যোগ নিতে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, স্বাচিপের প্রতিষ্ঠাতা সভাপতি সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি মাহমুদ হাসান, বিএমএর যুগ্ম সম্পাদক এম এ আজিজ প্রমুখ। ঢাকা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকা মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এখন সময়ের ব্যাপার মাত্র। প্রধানমন্ত্রী এ-সংক্রান্ত নথিতে স্বাক্ষর করেছেন। আরও কয়েকটি মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের জন্য প্রধানমন্ত্রী ইচ্ছা প্রকাশ করেছেন বলেও তিনি জানান।স্বাস্থ্যমন্ত্রী বলেন, অ্যাডহক চিকিৎসকদের নিয়মিত করার বিষয়টি প্রক্রিয়াধীন আছে। এ ছাড়া চিকিৎসকেরা যেন ঢাকার বাইরে যেতে আগ্রহী হন, সে জন্য তাঁদের সরকারি বাসার ভাড়া কমিয়ে আনার বিষয়টি বিবেচনাধীন আছে।