স্বাচ্ছন্দ্যের চেষ্টায় পুরো পরিবার

পথের ধার, জলাশয়ের পাড়—সবখানেই শুধু পাট আর পাট। জলাশয় থেকে জাগ দেওয়া পাট তুলে আনা, আঁশ ছাড়ানো, এরপর রোদে শুকানো—এসব ঘিরে চলছে নরেন রায় (৫১), পার্বতী রানী (৩৮), মুক্তা (১৫), মুক্তি (১২) ও গীতাদের (৯) ব্যস্ততা। তাঁরা সবাই একই পরিবারের সদস্য। সম্পর্কে বাবা-মা আর মেয়ে।
২২ আগস্ট ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নেকমরদ-কাতিহারহাট সড়কের পাশে তাঁদের সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়। তখন সেখানে ১২ জন শ্রমিক একসঙ্গে পাট ছাড়ানোর কাজ করছিলেন। তাঁদের কারও কারও সঙ্গে শিশুরাও ছিল। এ সময় তাঁদের সঙ্গে কথা বলে জানা গেল, শ্রমিকেরা মনে করেন, চুক্তির কাজ যত দ্রুত শেষ করতে পারবেন, তাঁদের আয়ও তত হবে। তাই অনেকেই কাজে বাড়ির শিশুদের সঙ্গে নিয়ে এসেছেন।
রানীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের নরেন রায় অন্যের জমিতে শ্রম দিয়ে টেনেটুনে সংসার চালান। অভাব থাকায় প্রায়ই তাঁর স্ত্রী পার্বতীকে তাঁর সঙ্গে কাজে যেতে হয়। আর তাঁদের তিন মেয়ে মুক্তা, মুক্তি ও গীতা লেখাপড়া করে। ওই দিন বিকেলে তাঁদেরও একটি জলাশয়ে নরেন ও পার্বতীর সঙ্গে পাটের আঁশ ছাড়াতে দেখা গেছে।
নরেন রায় বলেন, গ্রামের এক ব্যক্তির কাছ থেকে দুই বিঘা জমির পাটের আঁশ ছাড়ানোর চুক্তি নিয়েছেন তিনি। স্বামী-স্ত্রী মিলে দুই বিঘা জমির পাটের আঁশ ছাড়াতে তাঁদের তিন দিন লাগার কথা। সম্প্রতি টানা বৃষ্টি ও উজানের ঢলের কারণে সেই কাজ করা হয়নি তাঁদের। কাজটি দ্রুত সেরে ফেলার জন্য মেয়েদেরও সঙ্গে নিয়ে এসেছেন নরেন-পার্বতী। মেয়েদের সহায়তায় কাজটি দুই দিনে শেষ করতে পারলে তাঁরা এক দিন বাড়তি সময় পাবেন। আর সে সময়ে অন্যের জমিতে আমন চারা লাগিয়ে আরও কিছু টাকা আয় করতে পারবেন তাঁরা।
নরেনের মেয়ে মুক্তা রানী একটি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ছে। মা-বাবার সঙ্গে কাজ করার সময় মুক্তা বলে, ‘সংসার ভালো করে চালানোর জন্য মা-বাবা কষ্ট করে যাচ্ছেন। তাই সুযোগ পেলে আমরাও তাঁদের কাজে হাত লাগাই। এসে তাঁদের (মা-বাবা) আয়ের বাইরে যে টাকা হাতে আসে, তাতে আমাদের সংসারের প্রয়োজন মিটে যায়।’
মাধবপুর গ্রামের মিনতি বালা (৪৬) বছর পাঁচেক আগে স্বামী হারিয়েছেন। নিজের সহায়সম্বলটুকুও তাঁর নেই। দিনমজুরির টাকায় চলে তাঁর সংসার। সকাল আটটায় কাজে এসে ফেরেন বিকেল পাঁচটায়। দিনে ১৫০ থেকে ২০০ টাকা আয় হয়। কোনো কোনো দিন কাজ পাওয়া যায় না। পাটের আঁশ ছাড়ালে দিনে ৪০০ থেকে ৫০০ টাকা পাওয়া যায়। গতকাল দুই ছেলে নিয়ে সড়কের পাশে পাটের আঁশ ছাড়াতে দেখা গেছে তাঁকেও।
মিনতি বালা বলেন, ‘একটু বেশি আয়ের জন্য ছেলেদেরও সঙ্গে নিয়ে এসেছি। ছেলেরা আমার সঙ্গে কাজ করছে বলে প্রতিদিন বাড়তি আরও ৫০০ টাকা আয় হচ্ছে। ছেলেদের মজুরির টাকা জমিয়ে রাখছি পড়ালেখার খরচের পাশাপাশি দুর্দিনের জন্য।’
লক্ষ্মীপুর গ্রামের রাজেন্দ্র নাথ রায় (৫৮) বলেন, এ অঞ্চলের অধিকাংশ পরিবার অসচ্ছল। অনেকের নিজের ভিটেটুকুও নেই। কাজ করে চলে তাঁদের সংসার। এর ওপর বছরের বেশির ভাগ সময় গ্রামে কাজ থাকে না। যখন কাজ পান তখন, ছেলেমেয়েদের নিয়ে দ্রুত কাজ শেষ করে অন্য কাজের সন্ধানে নেমে পড়েন।
এ ছাড়া সম্প্রতি সদর উপজেলার বুড়ির বাঁধ এলাকায় পুরাতন ঠাকুরগাঁও উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির রশনি বর্মণ, নবম শ্রেণির মানিক বর্মণ, বালিয়াডাঙ্গীর ধনতলা এলাকায় মোড়লডোবা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির গৌতম রায়, বাঁধন রায়, মিতু বেগম, শাপলা কিন্ডারগার্টেনের শিক্ষার্থী দৃশ্য রায় ও পুষ্পাঞ্জলি রায়কেও মা-বাবার সঙ্গে পাটের আঁশ ছাড়াতে দেখা গেছে।
রানীশংকৈল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. তাজুল ইসলাম বলেন, এ অঞ্চলের অধিকাংশ মানুষ শ্রম দিয়ে সংসারের চাকা সচল রেখেছেন। কাজের মৌসুমের সময় তাদের হাতের কাজ দ্রুত সেরে ফেলতে ছেলেমেয়ে নিয়ে মাঠে নেমে পড়েন। সবার ঘাম-শ্রমেই, তাঁদের দিনগুলো কিছুটা স্বাচ্ছন্দ্যে কেটে যায়।