স্বাদ আর ঐতিহ্যের মিশেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার আগামসিহ লেনে গতকাল ইফতারের পসরা l ছবি: প্রথম আলো
পুরান ঢাকার আগামসিহ লেনে গতকাল ইফতারের পসরা l ছবি: প্রথম আলো

খানিক আগে জোহরের নামাজ শেষ হয়েছে। বিকেল গড়িয়ে মাগরিবের আজান হতে আরও অন্তত সাড়ে চার ঘণ্টা বাকি। কিন্তু চকবাজার কেন্দ্রীয় মসজিদের সামনে তখন রীতিমতো ইফতারের মহোৎসব শুরু হয়ে গেছে। চকমার্কেটের চারপাশের রাস্তায় অস্থায়ী দোকানে বসেছে ইফতারের পসরা। নাকে ভেসে আসে তেলের খাবারের ম-ম গন্ধ। শোনা যায় অবিরাম হাঁকডাক।
দিনের শুরুতে চকবাজার এলাকায় পাইকারি বাজারের কর্মব্যস্ততা। দুপুর নাগাদ শুরু হয় ইফতারি কেনাবেচার মহা আয়োজন। ঐতিহ্য আর স্বাদের কারণে বরাবরই ইফতারির প্রধান আকর্ষণ চকবাজারের ইফতারি। এবারও এর ব্যতিক্রম হয়নি। তবে একটা সময়ে শুধু চকবাজারকে কেন্দ্র করে এ বাজার আবর্তিত হলেও এখন তা ছড়িয়ে পড়েছে রাজধানী দক্ষিণের ঠাটারীবাজার, রায়সাহেব বাজার, টিকাটুলি, নর্থ সাউথ রোড়, সদরঘাট, কাজী আলাউদ্দীন রোড়, লক্ষ্মীবাজার, ইসলামপুর, গেন্ডারিয়া প্রভৃতি এলাকায়। দু-একটি বাদ দিয়ে এসব এলাকায় ঢাকার ইফতারির ঐতিহ্যবাহী উপাদানগুলো মেলে। কিন্তু গত কয়েক বছর প্রচার এবং খাদ্যদ্রব্যের বৈচিত্র্যের কারণে চকবাজারের ইফতার নগরের অন্যান্য এলাকার মানুষের কাছে আলাদা পরিচিতি পেয়েছে।
কী নেই এখানে! পুরি, পেঁয়াজু, বেগুনির মতো নিয়মিত আইটেমের পাত্তা এখানে কম। বরং এ বাজারে ইফতারে নেতৃত্ব দিচ্ছে সুতি কাবাব, শািহ কাবাব, দই বড়া, মালপোয়া, শাহি জিলািপ। সঙ্গে আছে আস্ত মুরগি, কিমা, খাসির রান, কোয়েল-কবুতর ভুনা, মোরগ পোলাও, পেল্লাই জিলাপি, পেস্তা বাদামের শরবত, সুতি কাবাব, টিকা কাবাব, শাকপুলি, জালি কাবাব, মাঠা, বোরহানি, লাবাং, শরবত, গরুর চপ, মালাইকাপ, ফিরনি, সিঙাড়া, দই-বুন্দিয়া, সাসলিক, ভেজা রোস্ট, শিক, জালি কাবাব, ভেজিটেবল রোল, বানানা রোল, চিকেন কাটলেট, নিমকপাড়া, কিমা পরোটা, টানা পরোটা ও দইবড়াসহ শতাধিক পদের খাবার। আরও আছে, ‘বড় বাপের পোলায় খায়’ নামের বিশেষ একটি খাবার। জনশ্রুতি আছে, শত বছর আগে বাবুর্চি কালেম মিয়া ইফতারির এ বিশেষ খাবার তৈরি করেছিলেন।
শাহি মসজিদের সামনে চল্লিশ বছরের বেশি সময় দই বড়া বিক্রি করছেন মুনসুর আলী ও তাঁর পরিবারের সদস্যরা। ব্যস্তার ফাঁকেই একজন বললেন, কয়েক পুরুষ ধরে রমজান মানে এখানে দই বড়া বিক্রি করেছেন তাঁরা।
চকবাজারের উৎসাহী ক্রেতাদের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে ভেজাল খাবার। ফলে অন্যবারের মতো এবারও ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানের প্রত্যাশা করছেন ক্রেতারা।