স্বাদ ও গন্ধ হারাচ্ছে মধুপুরের আনারস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মধুপুর গড় অঞ্চলের জলছত্র আনারস বাজার। আকারে বড় এবং রং আকর্ষণীয় করতে এসব আনারসে প্রয়োগ করা হয় বিভিন্ন রাসায়নিক। এতে হারিয়ে যাচ্ছে আনারসের আসল স্বাদ ও গন্ধ। ক্রেতারাও মুখ ফিরিয়ে নিচ্ছেন। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
টাঙ্গাইলের মধুপুর গড় অঞ্চলের জলছত্র আনারস বাজার। আকারে বড় এবং রং আকর্ষণীয় করতে এসব আনারসে প্রয়োগ করা হয় বিভিন্ন রাসায়নিক। এতে হারিয়ে যাচ্ছে আনারসের আসল স্বাদ ও গন্ধ। ক্রেতারাও মুখ ফিরিয়ে নিচ্ছেন। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

টাঙ্গাইলের মধুপুর গড় অঞ্চলের চাষিরা আনারসে মাত্রাতিরিক্ত রাসায়নিক প্রয়োগ করছেন। এতে আনারস আকারে বড় ও আকর্ষণীয় রঙের হচ্ছে। কিন্তু হারিয়ে যাচ্ছে এর আসল স্বাদ ও গন্ধ। ফলে ক্রেতারাও মুখ ফিরিয়ে নিচ্ছেন। স্থানীয় চাষিরা এই রাসায়নিকের নাম দিয়েছেন ‘গর্ভবতী’।
সম্প্রতি মধুপুর গড় এলাকায় আনারস চাষি, ক্রেতা-বিক্রেতা, কৃষিবিদসহ বিভিন্ন শ্রেিণর মানুষের সঙ্গে আলাপ করলে তাঁরা এসব তথ্য জানান।
চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, পঞ্চাশের দশকের শেষ দিকে মধুপুর গড় অঞ্চলে আনারস চাষ শুরু হয়। কয়েক বছরের মধ্যেই এই আনারসের সুনাম সারা দেশে ছড়িয়ে পড়ে। গত দেড় দশকে এলাকার যোগাযোগ-ব্যবস্থা উন্নত হওয়ায় আনারস বাজারজাতকরণ সহজ হয়েছে। আনারস এই সময়ের মধ্যে বেশ লাভজনক ফসলে পরিণত হয়েছে। এতে বহিরাগত মহাজনেরা জমি বর্গা নিয়ে আনারসের চাষ শুরু করেছেন। তাঁরা অতিরিক্ত লাভের আশায় মাত্রাতিরিক্ত রাসায়নিক প্রয়োগ করছেন। এই রাসায়নিক প্রয়োগের ফলে আনারস আকারে বড় ও আকর্ষণীয় রঙের হয়ে উঠছে। কিন্তু ফলটির স্বাদ নষ্ট হয়ে গেছে।
কয়েকজন চাষি জানান, আনারসের আকার বড় করতে গাছে প্যানোফিক্স, সুপারফিক্স, ক্রপসকেয়ার, অঙ্কুরসহ বিভিন্ন রাসায়নিক প্রয়োগ করা হয়। আর পাকানোর জন্য দেওয়া হয় রাইফেন, হারবেস্ট, প্রমোট, সারাগোল্ড, ইটিপাস, অ্যালপেনসহ বিভিন্ন রাসায়নিক। এগুলোর মাধ্যমে অপরিপক্ব গাছ থেকেই ফল হয়।
মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা হযরত আলী বলেন, এসব রাসায়নিক বিভিন্ন নামে কৃষকদের কাছে বিক্রি করা হয়। স্থানীয় কৃষকেরা এই রাসায়নিকের নাম দিয়েছেন ‘গর্ভবতী’। সাধারণত একটি আনারস গাছে ৬০টি পাতা হওয়ার পর স্বাভাবিকভাবে আনারস ধরে। কিন্তু ২৮টি পাতা হওয়ার পরই এসব রাসায়নিক ব্যবহার করলে আনারস ধরে। এতে সরাসরি ক্ষতিকর প্রভাব না পড়লেও পরবর্তী সময়ে ফল বড় করা, একসঙ্গে বাজারজাত করা এবং ভোক্তাকে আকৃষ্ট করার জন্য আবারও রাসায়নিক ব্যবহার করা হচ্ছে।
মধুপুরের গুবুদিয়া গ্রামের চাষি আলী আকবর বলেন, রাসায়নিক দিলে চার-পাঁচ দিনের মধ্যেই সব আনারস পেকে যায়। ফলে একসঙ্গে সব আনারস বাজারজাত করা সহজ হয়। আর রাসায়নিক না দিলে আস্তে আস্তে পাকে। বাজার ধরতে অসুবিধা হয়। স্বাভাবিকভাবে পাকা আনারসে মৌমাছি বসত, সুন্দর গন্ধও পাওয়া যেত। শিয়ালের যন্ত্রণায় খেতে পাহারাও বসাতে হতো। এখন মৌমাছিও বসে না, শিয়ালেরও উৎপাত নেই।
জলছত্র এলাকায় আনারস ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, রাসায়নিক প্রয়োগ করায় আনারসের প্রতি ক্রেতাদের আগ্রহ কমে যাচ্ছে। এ জন্য অধিকাংশ ক্ষেত্রেই প্রত্যাশিত লাভ আসছে না। সাধারণভাবে আনারস পাকলে ধীরে ধীরে বাজারে আনা হতো। ফলে বিক্রি ও লাভ দুটোই বেশি হতো। কিন্তু রাসায়নিক দেওয়া আনারস একসঙ্গে বাজারে ওঠালে চাহিদা কমে যায়, লাভও কম হয়। এই আনারস স্বাদেও টক হয়।
জেলা প্রশাসক মাহবুব হোসেন বলেন, আনারসে রাসায়নিক প্রয়োগের ক্ষতিকর দিক সম্পর্কে কৃষক, ব্যবসায়ী, নাগরিক, প্রশাসনসহ সর্বস্তরের মানুষের করণীয় সম্পর্কে প্রচারপত্র তৈরি করা হচ্ছে। শিগগিরই এগুলো নিয়ে প্রচারণা শুরু হবে।