স্বাদ সৌরভ কুয়াশার দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আকাশ ছেঁয়ে আছে কুয়াশায়। কোনো কোনো দিন সূর্যের মুখই দেখা যায় না। ভোর থেকে সন্ধ্যা—ঘোর আবছায়ার ভেতর দিয়ে সময় যেতে থাকে। সকাল না দুপুর, ঘড়ির দিকে না তাকালে ঠাহর করাই দুঃসাধ্য হয়ে ওঠে। মাঝেমধ্যে বয়ে যায় কনকনে হাওয়া। শীত এ বছর বেশ প্রবল। এমনকি পৌষের শুরু থেকে রাজধানীতেও শীতের হাওয়া জোরালো কাঁপন জাগিয়েছে জনজীবনে।বছরের প্রায় ১০ মাস গরমে হাঁসফাঁস করা আবহাওয়ায় আমাদের দেশে শীতের আগমন অনেকটা ক্ষণকালের অতিথির মতো। এই শীতও আবার তুষার ঝরানো তীব্র মাত্রার নয়। উত্তরাঞ্চলসহ দেশের প্রান্তবর্তী এলাকায় পৌষ-মাঘে কোনো কোনো বছর তাপমাত্রা ৪-৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে বটে, তবে রাজধানীতে শীতের পরাক্রম ততটা প্রচণ্ড হয় না। স্বল্পায়ু শীত জীবনযাত্রায় যে বৈচিত্র্য আনে, সার্বিকভাবে তা উপভোগ্য হিসেবেই বিবেচিত।কার্তিকের শুরু থেকেই রোদের খর মেজাজ কোমল হয়ে আসতে থাকে। বেলা গড়ালেই সন্ধ্যার ছায়াচ্ছন্নতা। দেরাজ-তোরঙ্গ খুলে লেপ-কাঁথা-কম্বল বের করে রোদে মেলে দিয়ে চলতে থাকে শীত মোকাবিলার প্রস্তুতি। কোট-জ্যাকেট-জাম্পারের বাক্সবন্দী দশার মুক্তি ঘটে। অফিস-কাচারিতে উচ্চপর্যায়ে আসীনদের কথা আলাদা, কিন্তু সাধারণ লোকে এই শীতের সময়টাতেই কোট-টাই পরে একটু সাহেবি চালে কেতাদুরস্ত হয়ে ওঠার সুযোগ পেয়ে থাকেন। আমজনতা অবশ্য আদ্যিকালের চাদরেই শীতের মোকাবিলায় আস্থাবান। আর আছে সোয়েটার। দেশে এখন তৈরি পোশাকশিল্পের অগ্রগতির ফলে সোয়েটার, জ্যাকেট, কার্ডিগান প্রভৃতি শীতবস্ত্রের জোগান যথেষ্ট। দামও নাগালে। ফলে বহুকালের একটি রেওয়াজের বিলুপ্তি ঘটে গেছে নীরবে-নিভৃতে। সেটি হলো উল বুনন।শীতের দিনে মিষ্টি রোদে পিঠ দিয়ে বসে বাড়ির মা-খালাদের রঙিন উলের বল নিয়ে লম্বা দুই কাঁটায় নিপুণ দক্ষতায় সোয়েটার-মাফলার-মোজা বুননের দৃশ্য এখন বিরল। দশক দুই আগেও শীতের সঙ্গে প্রায় অচ্ছেদ্য হয়ে মিশে ছিল ঘরে ঘরে উল বুননের চল। কোলে উলের বল নিয়ে বসে দিনের পর দিন বুননের দৃশ্য নতুন প্রজন্মের কাছে অনর্থক বলেই মনে হবে হয়তো।বাংলায় শীতে কষ্টের চেয়ে আনন্দ-উৎসবের ঘনিষ্ঠ সংযোগ। পাকা টমেটো, গাজর, মুলা, শিম, কপিসহ হরেক রকমের তাজা সবজিতে রঙিন কাঁচাবাজার। পঞ্চব্যঞ্জন বলে যে কথাটির চল আছে, শীতের সময়ই তার সার্থক পরিবেশনা বাঙালির পাতে। রসনা তৃপ্তির তালিকায় আরও আছে হরেক রকমের পিঠাপুলি। বর্ষণ ছাড়া যেমন বর্ষা হয় না, তেমনি পিঠা ছাড়া শীতও বেমানান। বৈচিত্র্যময় আকার-প্রকার ও স্বাদে বাংলার পিঠার সম্ভারকে রীতিমতো উচ্চস্তরের শিল্পকর্মের পর্যায়ভুক্ত বলেই মনে করেন খাদ্যরসিকেরা। গ্রামে-গঞ্জে নতুন আতপ চালের গুঁড়ি করা থেকে পিঠা তৈরি পর্যন্ত যে কর্মযজ্ঞ, তা রীতিমতো উৎসবের আমেজ এনে দেয় একঘেয়ে নিস্তরঙ্গ জীবনে। এমনকি এই নিদারুণ ব্যতিব্যস্ত নগরজীবনেও সেই উৎসবের ছোঁয়া এনে দিতে পৌষের শুরু থেকেই ছোট-বড় নানা আকারের পিঠা উৎসবের আয়োজন চলে। এমনিকি ইদানীং শিল্পকলা একাডেমীতে জাতীয় পর্যায়েও পিঠা উৎসবের আয়োজন করা হচ্ছে। আর ফুটপাতজুড়ে ভাপা-চিতই-তেলের পিঠার যে বিকিকিনি চলতে থাকে, জরিপ করলে তা বোধ হয় শীতের সবচেয়ে বেশি বিকোনো পণ্যের তালিকায় চলে আসবে। এসব তো আছেই। আরও আছে মিষ্টি খেজুর রস। ভোরের নরম রোদ গায়ে লাগিয়ে একগাল মুড়ির সঙ্গে রসের গ্লাসে চুমুক দেওয়ার যে কী মজা, তার মর্ম বাঙালি ছাড়া আর বুঝবে কে? আর সেই রস আঁচ দিয়ে রান্না করা ক্ষীর, নলেন গুড়ের সন্দেশ—কোথায় মিলবে এর তুলনা!তদুপরি মানতে হবে, এই দারিদ্র্যপীড়িত দেশে মাঝারি গোছের শীতেও বহু নিরাশ্রয়ী মানুষের জীবন ধারণের কষ্ট অনেক বেড়ে যায়, প্রাণহানির ঘটনাও ঘটে। কিন্তু সেই দোষ কি আর শীতের? হূদয়ের উষ্ণতা নিয়ে যদি সমাজের সামর্থ্যবানেরা সবাই আর্তজনের পাশে এসে দাঁড়ান, তবে শীতে যেমন গোলাপ ফুটবে, তেমনি হাসিও ফুটবে অসহায় মানুষের মুখে। শীত সার্বিকভাবে হয়ে উঠবে উৎসবে অম্লান।