স্বাধীন গণমাধ্যমের প্রসারে গণতন্ত্র সুসংহত হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ২৫ বছর পেরোনো সদস্য সংবাদপত্রগুলোকে সম্মাননা দিয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সন্মাননা প্রদান শেষে ফটোসেশন। পেছনের সারিতে মতিউর রহমান, মাহবুবুর রহমান, কামরুল ইসলাম খান, এ এম এম বাহাউদ্দীন, মোজাম্মেল হক, আহমদ আলী খান, এম এ মালেক, তাসমিমা হোসেন, আলতামাশ কবির, তারিক সুজাত, রমিজউদ্দীন চৌধুরী, মাহ্‌ফুজ আনাম ও শামসুল হক জাহিদ। সামনের সারিতে (বসা) দেওয়ান হানিফ মাহমুদ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, স্পিকার শিরীন শারমিন, এ কে আজাদ ও শহীদুল্লাহ খান বাদল। বুধবার সন্ধ্যায় ঢাকা ক্লাবে।
ছবি: আশরাফুল আলম

কোনো সংবাদপত্রের বয়স ৭০ বছর পেরিয়েছে, কারও ক্ষেত্রে ৫০ বছর, কারও বা সিকি শতাব্দী। বছরের পর বছর ধরে এসব পত্রিকা মানুষকে তথ্য দিয়ে আসছে। দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখছে। দেশে ২৫ বছর পার করেছে, এমন ১১টি সংবাদপত্রকে সম্মাননা দিয়েছে সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

বুধবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, স্বাধীন গণমাধ্যমের প্রসার নিশ্চিত করার মাধ্যমে গণতন্ত্র অধিকতর সুসংহত হয়। গণমাধ্যমের খবর মানুষের জীবনকে গভীরভাবে প্রভাবিত করে, সিদ্ধান্ত গ্রহণে প্রভাবিত করে। তাই দায়িত্বশীল ও নৈতিকতাসম্পন্ন সাংবাদিকতা একান্ত প্রয়োজন।

যেসব সংবাদপত্রকে সম্মাননা দেওয়া হয়েছে, সেগুলো হলো ইত্তেফাক, সংবাদ, আজাদী, পূর্বাঞ্চল, করতোয়া, পূর্বকোণ, ইনকিলাব, ভোরের কাগজ, জনকণ্ঠ, ডেইলি স্টার ও ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস। অনুষ্ঠানে সম্মাননা পাওয়া প্রতিষ্ঠানগুলোর মালিক-সম্পাদক ও প্রতিনিধিদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। গণমাধ্যম–সংশ্লিষ্ট ব্যক্তিরা ছাড়াও রাজনীতিক, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, বিদেশি কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ প্রাণবন্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন সব মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য। এই আইন শুধু সংবাদপত্রের জন্য নয়। যেসব ধারা নিয়ে কথা হয়, সেগুলো বিভিন্ন দেশেই আছে। তবে আইনের যাতে অপপ্রয়োগ না হয়, সাংবাদিকেরা যেন হয়রানির শিকার না হন, তা দেখার প্রয়োজন আছে এবং সেটি তাঁরা দেখছেন। সরকারের সঙ্গে গণমাধ্যমের সম্পর্ক চমৎকার বলেও উল্লেখ করেন তিনি।

ডিজিটাল নিরাপত্তা আইনসহ কিছু কিছু আইন স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করছে বলে উল্লেখ করেন নোয়াবের নেতা ও সম্পাদকেরা।

সূচনা বক্তব্যে নোয়াবের সভাপতি এ কে আজাদ বলেন, ৫০ বছর ধরে বাংলাদেশের সংবাদপত্র সব সময় দেশ ও সাধারণ মানুষের সামষ্টিক স্বার্থে সত্য সংবাদ প্রকাশ করছে। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু আইন গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে বাধার সৃষ্টি করেছে। এ ক্ষেত্রে বলা যায় ডিজিটাল নিরাপত্তা আইনের কথা। গণমাধ্যমকর্মীরা এই আইন নিয়ে উদ্বেগের কথা জানিয়ে আসছেন। অতিসম্প্রতি জাতীয় সংসদে উঠেছে ‘গণমাধ্যমকর্মী আইন’। এই আইনের বিভিন্ন ধারা নিয়ে গণমাধ্যমকর্মীদের মধ্যে আপত্তি রয়েছে। নোয়াব মনে করে, এ রকম আইন চূড়ান্ত করার ক্ষেত্রে সব পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।

সম্পাদক পরিষদের সভাপতি ও ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, সাংবাদিকেরা পেশাগত দায়িত্ব পালন করে দেশের উন্নয়নে ভূমিকা রাখছেন। কিন্তু অনেক আইন প্রণয়ন করা হচ্ছে, যেগুলো স্বাধীন সাংবাদিকতাকে ব্যাহত করছে। স্বাধীন সাংবাদিকতার জন্য সরকারের সঙ্গে সুসম্পর্ক চান তাঁরা।

সম্মাননা পাওয়া পত্রিকাগুলোর পক্ষ থেকে আরও বক্তব্য দেন সংবাদ সম্পাদক আলতামাশ কবির, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক, দৈনিক পূর্বকোণ–এর সম্পাদক ম. রমিজ উদ্দিন চৌধুরী, দৈনিক ইনকিলাব–এর সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, ভোরের কাগজ–এর প্রকাশনা প্রতিষ্ঠান মিডিয়া সিনের ব্যবস্থাপনা পরিচালক তারিক সুজাত ও ফিন্যান্সিয়াল এক্সপ্রেস–এর সম্পাদক শামসুল হক জাহিদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নোয়াবের সহসভাপতি শহীদুল্লাহ খান বাদল। অনুষ্ঠান সঞ্চালনা করেন নোয়াবের নির্বাহী সদস্য ও বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ। শেষ পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।