রাজধানীর শাহবাগে বাসে আগুন দিয়ে ১৯ জনকে দগ্ধ করার ঘটনায় স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে নাগরিক ঐক্য। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, একই সঙ্গে চলমান রাজনৈতিক সহিংসতায় গত সপ্তাহে ২০ জন নিহত হওয়ার দায়দায়িত্ব প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রীকে নিতে হবে।
মান্না বলেন, রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এত নিরাপত্তা থাকার পরেও কীভাবে বাসে আগুন দেওয়া হলো, তা অবশ্যই তদন্ত করে দেখতে হবে। তাই সরকারি সংস্থার ওপরে ভরসা না করে একজন নিরপেক্ষ ব্যক্তিকে প্রধান করে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি জানান তিনি।
গতকাল শুক্রবার সকালে তোপখানা রোডের শিশু কল্যাণ মিলনায়তনে দেশের চলমান সহিংস রাজনৈতিক পরিস্থিতিতে নিজেদের বক্তব্য উপস্থাপনের জন্য এক সংবাদ সম্মেলন করা হয়। এতে জানানো হয়, আজ বেলা তিনটায় নাগরিক ঐক্য শহীদ মিনার থেকে শান্তির জন্য সাদা পতাকা মিছিল করবে। গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা এতে যোগ দেবেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সিপিবি ও বাসদ একই সময়ে শহীদ মিনারে মিছিল ও সমাবেশের কর্মসূচি দিয়েছে। নাগরিক ঐক্য ও সিপিবি-বাসদ যুগপৎভাবে ওই মিছিল কর্মসূচি পালন করবে।
মাহমুদুর রহমান মান্না এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে বাসে আগুনে দগ্ধদের দেখতে যান। পরে তিনি বলেন, দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে সরকারকে অবশ্যই সমঝোতার পথে হাঁটতে হবে। বিরোধী দলকেও এতে সাড়া দিতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের উপদেষ্টা ও সাবেক সাংসদ এস এম আকরাম, কমিটির সদস্য আবু বকর সিদ্দিক ও ইফতেখার আহমেদ।