স্বাধীন দেশে এ ধরনের নির্যাতন দুঃখজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে পাকিস্তানি সেনারা বাঙালিদের ওপরে যে কায়দায় নির্যাতন চালিয়েছিল, তার ১৩টি ধরন ডা. এম এ হাসান তাঁর গণহত্যাবিষয়ক প্রামাণ্য গ্রন্থে উল্লেখ করেছেন। স্বাধীনতার এত বছর পরও দেশে একই কায়দার বর্বরতা দেখতে হচ্ছে।
গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে এম এ হাসানের বিয়ন্ড ডিনাইল: এভিডেন্স অব জেনোসাইড শীর্ষক বইটির প্রকাশনা
অনুষ্ঠানে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান এ কথা বলেন৷
অনুষ্ঠান শেষে প্রথম আলোর কাছে বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতন এবং সম্প্রতি নারায়ণগঞ্জের
সাত খুনের ঘটনা ইঙ্গিত করে মিজানুর রহমান বলেন, ‘স্বাধীন দেশে আমাদের এগুলো দেখতে হচ্ছে, এটা দুঃখজনক৷’
প্রকাশনা অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, দেশে সামরিক শাসক ও শাসন যাতে আর না আসতে পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।
অনুষ্ঠানে শিক্ষাবিদ আনিসুজ্জামান গণহত্যার তথ্যনির্ভর বইটির বহুল প্রচার কামনা করে বলেন, একাত্তরে বাংলাদেশের মানুষের ওপরে যে অবিশ্বাস্য বর্বরতা ঘটেছে তার প্রামাণ্য দলিল এই বইটি।
ইতিহাসবিদ সালাউদ্দিন আহমেদ বলেন, বইটি মুক্তিযুদ্ধের গণহত্যাকারীদের বিপক্ষে জনমত তৈরিতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থার প্রধান আবদুল হান্নান খান বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে যাঁরা সাক্ষী দিচ্ছেন, তাঁদের নিরাপত্তা নিয়ে চিন্তিত। কেননা, বেশির ভাগই সাক্ষী দরিদ্র। একাত্তর সালে তো দেশে সরকারি-বেসরকারি কর্মকর্তারা ছিলেন। কিন্তু কেউ সাক্ষ্য দিতে চান না। বাড়ির দারোয়ানদের পাঠান সাক্ষী দিতে৷’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস, বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, বইটির লেখক এম এ হাসান, অধ্যাপিকা মাহফুজা খানম, আফরোজা হক রিনা প্রমুখ৷