স্বাধীন দেশে বৈষম্য থাকতে পারে না: ড. কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনজ্ঞ ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, স্বাধীন বাংলাদেশে কোনো বৈষম্য থাকতে পারে না। গ্রাম আর শহর, গুলশান আর বস্তিবাসীর মধ্যে বৈষম্য থাকবে, তা হতে পারে না। বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেই দেশ স্বাধীন হয়েছে। দেশকে বৈষম্যমুক্ত করতে হবে।
গতকাল মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানীর ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ড. কামাল এসব কথা বলেন। বঙ্গবীর স্মৃতি পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।
ড. কামাল হোসেন সব অন্যায়-অনিয়মের বিরুদ্ধে ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, জাতি ঐক্যবদ্ধ না হলে দেশ স্বাধীন হতো না। সেই ঐক্য ধরে রাখতে হবে। তিনি বলেন, ‘পঁচাত্তরের পর আমরা আঘাতপ্রাপ্ত হলেও পিছু হটি নাই। আমরা লেগে আছি। ভূমিদস্যুরা কখনো বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী হতে পারে না। এদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে।’
ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ বলেন, জেনারেল ওসমানী যা বিশ্বাস করতেন, তা বলতেন। আর যা বলতেন, তা করার চেষ্টা করতেন। যে কারণে তিনি বাকশাল থেকে পদত্যাগ করলেও আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেননি।
সভায় আরও বক্তব্য দেন অধ্যক্ষ আবদুল আহাদ চৌধুরী, এবাদুর রহমান, শাহজাহান মিয়া প্রমুখ।