সংবিধানই একটি স্বাধীন দেশের বড় অর্জন বলে মন্তব্য করেছেন সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের উদ্যোগে অনুষ্ঠিত ‘চট্টগ্রাম আইন সেবা কেন্দ্র ও জনসেবা প্রশিক্ষণ’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
ড. কামাল হোসেন বলেন, আজকাল সংবিধানের কথা বলে নানা রকমের ছলচাতুরী হচ্ছে। এ সংবিধানে দেশের সব মানুষের চিন্তার স্বাধীনতা, বাক্স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতাসহ সব মৌলিক অধিকার সংরক্ষণের কথা বলা হয়েছে। সংবিধান মতে আইনের চোখে সবাই সমান। বাংলাদেশ সংবিধানে সমতার কথা বলা থাকলেও দরিদ্র জনগোষ্ঠী আইনি সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।
আইন অনুষদের ডিন অধ্যাপক আবদুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ, সহ-উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী, ব্লাস্টের মেম্বার অব ট্রাস্টি অ্যাডভোকেট জেড আই খান, ব্লাস্টের চট্টগ্রাম অঞ্চলের সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র লালা, কমিউনিটি অ্যান্ড লিগ্যাল সার্ভিসের পরিচালক লুৎফুল কবীর, আইন বিভাগের অধ্যাপক মহিউদ্দিন খালেদ প্রমুখ।