নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে রাষ্ট্রপতি গঠিত অনুসন্ধান কমিটি একটি গুরুত্বপূর্ণ পর্যায় শেষ করেছে। তাদের ওপর দায়িত্বের বোঝা যতটা বড় তার তুলনায় এই পর্যায়টি অতিক্রম করতে পারাটাও একেবারে ছোট কিছু নয়। তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বিদ্বেষপূর্ণ বিভাজনে বিভক্ত রাজনীতির প্রতিপক্ষগুলোকে আস্থায় নেওয়া। সেই দুরূহ কাজটিতে সফল হওয়ায় তাদের অভিনন্দন।
কমিটির গ্রহণযোগ্যতা নিয়ে শুরুতে যে প্রশ্ন উঠেছিল, সে কথা আমরা সবাই জানি। প্রধানত দুটি কারণ ওই আস্থার বিষয়ে সংশয় সৃষ্টির আশঙ্কা তৈরি করেছিল। কমিটির সদস্যদেরও কারও কারও অতীত জীবন ক্ষমতাসীন দলের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা ও আনুগত্যের ইঙ্গিত দেয়। আর দ্বিতীয় কারণটি হচ্ছে অতীত অভিজ্ঞতার তিক্ত স্মৃতি। অনুসন্ধান কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি এর আগেও একবার এই দায়িত্ব পালন করেছিলেন, যার ফল হিসেবে আমরা পেয়েছিলাম মেরুদণ্ডহীন ও ক্ষমতাসীনদের আজ্ঞাবহ রকিব কমিশন। কমিটি স্ব-উদ্যোগ অথবা নাগরিক প্রতিক্রিয়ায় আস্থার প্রশ্নে জনমনের এই সংশয়টুকু উপলব্ধি করে থাকলে তাদের অবশ্যই সাধুবাদ দিতে হয়। আর যদি সে রকম কোনো উপলব্ধি ছাড়াই তাঁরা রাজনৈতিক দলগুলো এবং নাগরিককুলের আস্থা অর্জনে উদ্যোগী হয়ে থাকেন, তাহলে তাঁদের এখনই সচেতন হতে হবে যে তাঁদের গুরুদায়িত্বের বড় অংশটি কিন্তু এখনো বাকি। সেই কাজের পবিত্রতা বা সততায় জন-আস্থা বজায় থাকাটা অতীব জরুরি।
প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার পদের জন্য রাজনৈতিক দলগুলোর কাছ থেকে রাজনীতিকদের বিবেচনায় যোগ্য ব্যক্তিদের নাম প্রস্তাব হিসেবে আহ্বান জানিয়ে অনুসন্ধান কমিটি একটু ঝুঁকিই নিয়েছিল। বিশেষত, বড় দলগুলো যদি তাদের সহায়তা না করত, তাহলে উদ্যোগটি শুরুতেই নানা ধরনের গুরুতর বিতর্কের জন্ম দিত। তেমন একটা আশঙ্কাও তৈরি হয়েছিল। তবে আশার কথা, আওয়ামী লীগ, বিএনপিসহ ৩১টি দলের মধ্যে ২৬টিই তাদের মতো করে নাম প্রস্তাব করেছে। এই কমিটিকে সহায়তা করার জন্য রাজনৈতিক দলগুলোও তাই ধন্যবাদের দাবিদার।
অনুসন্ধান কমিটি রাজনৈতিক দলগুলোর বাইরেও নাগরিক সমাজের কয়েকজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলার যে উদ্যোগ নিয়েছিল, সেটাও ছিল একটা সাহসী ও ব্যতিক্রমী পদক্ষেপ। সাহসী এ কারণে যে আমাদের অতি-দলীয়করণের দোষে দুষ্ট নাগরিক সমাজের প্রতিনিধিত্ব নিয়েও বিতর্কের ঝুঁকি ছিল। প্রথম ১২ জনকে নিয়ে সেটা না হলেও দ্বিতীয় দফায় পাঁচজনকে আমন্ত্রণ জানানোর পর তা দানা বাঁধতে শুরু করেছিল। শেষ পর্যন্ত প্রতারণার মামলার কারণে একজনের আমন্ত্রণ প্রত্যাহারে তা কিছুটা প্রশমিত হয়েছে।
নতুন কমিশনের জন্য রাজনৈতিক দলগুলো নাম প্রস্তাব করলেও বিশিষ্টজনেরা তা করেননি। তাঁরা বরং যোগ্যতা ও দক্ষতার কিছু মাপকাঠি সুপারিশ করেছেন। তাঁরা সবাই দলনিরপেক্ষ, সাহসী, দক্ষ ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম সুপারিশ করার পরামর্শ দিয়েছেন। তাঁদের মত হচ্ছে, কমিশন হতে হবে বিতর্কের ঊর্ধ্বে, মেরুদণ্ড হতে হবে সোজা। কেউ মেরুদণ্ডহীন, দলানুগত বা সুবিধাভোগীদের মনোনয়নের কথা বলেননি। রাজনৈতিক দলগুলোর নামের তালিকায় কারা আছেন, তা আমরা সরকারিভাবে জানি না। কিন্তু সংবাদমাধ্যমে যেসব নাম এসেছে, তাঁদের মধ্যে ভালো-মন্দের মিশ্রণ রয়েছে। দলগুলো যাঁদের ‘যোগ্য’ দাবি করেছে, তাঁদের অনেকের সঙ্গেই রাজনীতির কোনো যোগাযোগ নেই। আবার অনেকের ক্ষেত্রে বোঝাই যায় যে কথিত যোগ্যতাটি রাজনৈতিক আনুগত্য ছাড়া আর কিছুই নয়।
রাষ্ট্রপতি প্রজ্ঞাপনের মাধ্যমে কমিটি গঠনের পর আমরা বলেছিলাম যে কমিটিকে তার কাজের পদ্ধতি ঠিক করে নেওয়ার যে ক্ষমতা দেওয়া হয়েছে, সেই স্বাধীনতাকে কাজে লাগিয়ে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে পারলে সুফল আসতে পারে। এখন পর্যন্ত কমিটি যা করেছে তাতে স্বাধীনভাবে, স্বচ্ছ প্রক্রিয়ায় আমরা নাম সংগ্রহ করতে দেখেছি। রাজনৈতিক দল ও নাগরিক সমাজের আস্থা অর্জনে এগুলো কাজে দিয়েছে। এখন কমিটি জমা পড়া নামগুলোর মধ্য থেকে বাছাই করে ২০ জনের একটি তালিকা করেছে। এই তালিকা নিয়ে আরও যাচাই-বাছাইয়ের পর তারা পরবর্তী পদক্ষেপ নেবে বলে কথা রয়েছে।
বাছাইপ্রক্রিয়ার এই শেষ পর্যায়টিই এখন আমাদের সবার ভাবনার বিষয়। সংক্ষিপ্ত তালিকার সদস্যদের বিষয়ে খোঁজখবর নেওয়া, তাঁদের দক্ষতা-যোগ্যতার মূল্যায়ন কিংবা বিশিষ্ট নাগরিকদের সুপারিশ করা মাপকাঠির নিক্তিতে ফেলে যাচাইয়ের কাজটিও স্বচ্ছ হওয়া দরকার। এটি শুধু গোয়েন্দা নথি, কিংবা প্রশাসনিক মূল্যায়নের ভিত্তিতে করলে সংশয় সৃষ্টির আশঙ্কা থেকেই যাবে।
এ কথা ঠিক যে দলনিরপেক্ষ, স্বাধীনচেতা ও যোগ্য ব্যক্তিদের গায়ে অযথাই যাতে দলীয় তকমা না লাগে, সেটি নিশ্চিত করার দায়িত্ব কমিটির রয়েছে। তবে কোন দল কার নাম প্রস্তাব করেছে, সেই তথ্যটুকু বাদ দিয়েও সংক্ষিপ্ত তালিকার নামগুলো জনসমক্ষে প্রকাশ করা উচিত। তাহলে প্রথমত, তাঁদের অতীত যাচাই করা সহজ হবে। দ্বিতীয়ত, রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়াও বোঝা যাবে। ফলে ভুল করার ঝুঁকি কমবে। তৃতীয়ত, কমিটি রাজনৈতিক দল এবং জনআস্থা অক্ষুণ্ন রাখতে সক্ষম হবে। দেশের নির্বাচনব্যবস্থা ঘিরে যে রাজনৈতিক বিরোধ ও অস্বস্তি, তাকে সংঘাতের পথে পতিত হওয়া থেকে রক্ষায় অনুসন্ধান কমিটি তার দায়িত্ব যথাযথভাবে পালনে সফল হোক, সেটাই আমাদের প্রত্যাশা। তাহলেই হয়তো নিরপেক্ষ ও স্বাধীনচেতা, তথা শক্ত মেরুদন্ডের নির্বাচন কমিশন পাওয়ার আশা পূরণ হবে।